এলপি গ্যাসের চাহিদা পূরণে সক্ষমতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জ্বালানি হিসেবে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের চাহিদা বাড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক ও দেশের বাজারে এর দামও কমছে। বাড়ছে আমদানি ও চাহিদা পূরণের সক্ষমতা। এলপি গ্যাস সিলিন্ডার শুধু বাসাবাড়িতে কিংবা হোটেল-রেস্তোরাঁয় রান্নার কাজে নয়, বর্তমানে যানবাহনেও ব্যবহৃত হচ্ছে।
চাহিদা ও সরবরাহ: সরকারি হিসাবে বর্তমানে দেশে এলপি গ্যাসের চাহিদা বছরে অন্তত তিন লাখ মেট্রিক টন (সাড়ে ১২ কেজির ২ কোটি ৪০ লাখ সিলিন্ডার)। অবশ্য এ বছর বিদেশি বিশেষজ্ঞ পরামর্শক দিয়ে বেসরকারি উদ্যোক্তাদের করানো এক সমীক্ষা প্রতিবেদনে চাহিদা বলা হয়েছে সাড়ে তিন লাখ মেট্রিক টন। সিলিন্ডার সহজলভ্য হলে এবং দাম স্থিতিশীল হলে এই পুরো চাহিদা তৈরি হবে বলে সমীক্ষায় বলা হয়।
২০১২ সালে সরকারি হিসাব অনুযায়ী, সরকারি ও বেসরকারি কোম্পানি মিলে মোট সরবরাহ করত বছরে এক লাখ টন। এ বছর তা বেড়ে হয়েছে প্রায় ১ লাখ ৬৫ হাজার টন।
সহজলভ্য ও দাম স্থিতিশীল হলে অনেক নতুন গ্রাহক এলপি গ্যাস ব্যবহারে আগ্রহী হবেন, যাঁরা এখন গৃহস্থালিতে জ্বালানি হিসেবে কাঠ, কেরোসিন কিংবা বিদ্যুৎ ব্যবহার করছেন।
বেসরকারি উদ্যোক্তাদের হিসাব অনুযায়ী, এ চাহিদা পুরোপুরি মেটানোর মতো সক্ষমতা ইতিমধ্যে তাঁরা তৈরি করেছেন। বর্তমানে দেশি-বিদেশি মিলে মোট ছয়টি প্রতিষ্ঠান এলপি গ্যাস আমদানি করছে। এর মধ্যে দেশি প্রতিষ্ঠান চারটি—বসুন্ধরা, যমুনা স্পেসটেক, ওমেরা এলপিজি ও বি এম এনার্জি। আর বিদেশি দুটি প্রতিষ্ঠান হচ্ছে—পেট্রিগ্যাজ (সাবেক ক্লিনহিট) ও টোটাল গ্যাজ।
ওমেরা এবং বি এম এনার্জি সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এ দুটি কোম্পানির প্রতিটির বার্ষিক সরবরাহক্ষমতা এক লাখ মেট্রিক টন করে। তা ছাড়া এ কোম্পানি দুটি সিলিন্ডারও তৈরি করবে বলে জানিয়েছে। এ ছাড়া বসুন্ধরাও সিলিন্ডার তৈরি করছে।
বর্তমানে আমদানিকারক ছয়টি কোম্পানির সম্মিলিত মজুতক্ষমতা ২৮ হাজার মেট্রিক টন। প্রতি সপ্তাহে ২৮ হাজার মেট্রিক টন আমদানি করে সিলিন্ডারে ভরে তা বাজারে সরবরাহ করার ক্ষমতা রয়েছে তাদের। কিন্তু বাজারে সিলিন্ডারপ্রাপ্তি ও দামের হিসাবে বর্তমানে চাহিদা এর চেয়ে অনেক কম। এ কারণে প্রতি মাসে যদি ২৮ হাজার টন বাজারে সরবরাহ করা হয়, তাতেও বছরে ৩ লাখ ৩৬ হাজার টন এলপি গ্যাস আমদানি করতে হবে। কিন্তু এ কোম্পানিগুলো এখন পর্যন্ত সম্মিলিতভাবে আমদানি করছে বছরে দেড় লাখ টনের মতো।
এ ছাড়া সরকারি খাতের এলপি গ্যাস কোম্পানি লিমিটেড (এলপিজিসিএল) বছরে প্রায় ২০ হাজার টন এলপি গ্যাস বাজারে সরবরাহ করছে। তারপরও সমীক্ষা অনুযায়ী প্রকৃত চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম। ফলে গ্রাহকেরা প্রয়োজনের সময় গ্যাস পাবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা প্রভৃতি সময় এ অবস্থা প্রকট হয়। এ সুযোগে স্থানীয় পর্যায়ে একশ্রেণির ডিলার ও সরবরাহকারী গ্যাসের দাম বাড়িয়ে দেন। গ্রাহক প্রতারিত হন।
অবশ্য বেসরকারি খাতের আমদানিকারক ও সরবরাহকারীরা বর্তমান চাহিদা ও সরবরাহের মধ্যে খুব বেশি ব্যবধান আছে বলে মনে করেন না। জানতে চাইলে পেট্রিগ্যাজের মহাব্যবস্থাপক সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোম্পানিগুলো তাদের নিজ নিজ স্থাপিত ক্ষমতার অর্ধেকও ব্যবহার করছে না। অর্থাৎ আমদানি ও সিলিন্ডারজাত করে বিপণন করছে ক্ষমতার অর্ধেকের কম। কিন্তু বাজারে তো সে কারণে এলপি গ্যাসের জন্য হাহাকার নেই। তা থাকলে কোম্পানিগুলো অবশ্যই আমদানি ও সরবরাহ বাড়াত। কারণ, তারা তো ব্যবসা করছে। সরবরাহ বাড়ালেই তো তাদের ব্যবসা সম্প্রসারিত হয়।
সাইদুল ইসলাম বলেন, কখনো কখনো সরবরাহে কিছু ঘাটতি পড়তে পারে। সেটা আমদানি ও দেশের ভেতরে পরিবহন সমস্যার কারণে হতে পারে। বিশেষ বিশেষ উৎসবের সময় অনেক গ্রাহক একাধিক সিলিন্ডার নিয়ে রাখেন, সে জন্য হতে পারে। স্থানীয় পর্যায়ে বিপণনকারীদের কোনো কারসাজিও থাকতে পারে। এগুলো সরকারিভাবে দেখার ব্যবস্থা থাকলে ভালো হয়।
দেশের বাজারে বর্তমানে আরও দুটি কোম্পানি এলপি গ্যাস বিপণন করছে। এরা হচ্ছে সুপার গ্যাস (টি কে গ্যাস) ও বিন হাবিব বাংলাদেশ লিমিটেড। এরা এলপি গ্যাস আমদানি করে না। আমদানিকারকদের কাছ থেকে গ্যাস কিনে নিজেদের প্ল্যান্টে সিলিন্ডারজাত করে বিপণন করে।
এ ছাড়া আরও চারটি প্রতিষ্ঠান এলপি গ্যাস আমদানি ও সিলিন্ডারজাত করে বিপণনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এরা হচ্ছে সেনা কল্যাণ সংস্থা, নাভানা, ওরিয়ন ও ইনডেক্স।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের এখন পর্যন্ত প্রায় ৩০টি প্রতিষ্ঠান এলপি গ্যাস আমদানি, সিলিন্ডারজাত ও বিপণনের লাইসেন্স নিয়েছে। কিন্তু এর মধ্যে প্রায় ২০টি এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু করেনি।
সিলিন্ডারের মান ও গ্যাসের মাপ: বাংলাদেশে এ দুটি ক্ষেত্রে গ্রাহকদের অনেক অভিযোগ আছে। কোনো কোনো কোম্পানির সিলিন্ডারে সঠিক মাপে গ্যাস পাওয়া যায় না বলে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রাহকেরা অভিযোগ করেছেন। তাঁরা বলেন, সব কোম্পানির সাড়ে ১২ কেজির সিলিন্ডারে সমান সেবা পাওয়া যায় না। কোনো কোম্পানির সিলিন্ডারে চারজনের পরিবারের প্রায় ২০ দিনের রান্না হয়। আবার কোনো কোনো কোম্পানির সিলিন্ডারে ১৫ দিনও যায় না।
এ ছাড়া সব কোম্পানির সিলিন্ডারের মানও সমান নয়। কোনো কোনো কোম্পানির সিলিন্ডার দিয়ে গ্যাস লিক করে। বাড়ির মেঝেতে গ্যাস ছড়িয়ে পড়ে। এসব কারণে কোনো বিদেশি কোম্পানি এখন পর্যন্ত দেশে তৈরি সিলিন্ডার ব্যবহার করে না। এমনকি সরকারি কোম্পানি এলপিজিসিএলও আমদানি করা সিলিন্ডার ব্যবহার করে। কিন্তু সরকার সিলিন্ডার আমদানির ওপর অতিরিক্ত হারে শুল্ক ও কর আরোপ করায় এগুলোর দাম বেশি পড়ে।
সতর্কতা জরুরি: এলপি গ্যাস পরিবেশবান্ধব এবং বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত একটি জ্বালানি পণ্য হলেও এর ব্যবহার, সংরক্ষণ ও এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
এ পণ্যটির নাম এলপি গ্যাস হলেও এটি পাইপলাইনের গ্যাসের মতো বায়বীয় পদার্থ নয়। এটি একটি তরল দাহ্য পদার্থ। এটি বাতাসের চেয়ে ভারী। তাই সিলিন্ডারে ত্রুটি থাকলে পণ্যটি ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এ রকম অবস্থায় ঘরের মধ্যে আগুনের সংস্পর্শে আসামাত্রই তা ভয়ংকর বিস্ফোরণ ঘটায়।
তবে মানসম্পন্ন পণ্য ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করলে তাতে ভয়ের কিছু নেই বলে বিশেষজ্ঞদের মত।
অটোগ্যাস: এলপি গ্যাস শুধু বাসাবাড়িতে কিংবা হোটেল-রেস্তোরাঁয় রান্নার কাজে ব্যবহৃত হয় না। এ গ্যাস দিয়ে যন্ত্রপাতিও চালানো যায়। বিশেষ করে যানবাহনে এলপি গ্যাসের ব্যবহার এ দেশেও বেড়ে চলেছে।
ব্যক্তিগত গাড়িতে এলপি গ্যাস ব্যবহার করছেন এমন কয়েকজন ব্যক্তি প্রথম আলোকে বলেন, এলপি গ্যাস যেমন সাশ্রয়ী, তেমনি গাড়ির জন্য উপযোগী। এটি নামে গ্যাস হলেও কার্যত যেহেতু তরল জ্বালানি সেহেতু পেট্রল-অকটেনের মতোই গাড়ির ইঞ্জিন স্বাভাবিক রাখে। গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ে না। এক লিটার এলপি গ্যাসে ঢাকায় একটি গাড়ি (সেডান গাড়ি) চলে প্রায় নয় কিলোমিটার, যা পেট্রল-অকটেনের সমান। কিন্তু এক লিটার এলপি গ্যাসের দাম ৫৯ টাকা। আর পেট্রল-অকটেনের দাম যথাক্রমে ৯৬ টাকা ও ৯৯ টাকা। এলপি গ্যাস নিতে কোনো ঝামেলাও নেই। গ্যাস ফুরিয়ে গেলে যেকোনো জায়গায় একটি দোকান থেকে একটি সিলিন্ডার কিনে গাড়িতে বসিয়ে নেওয়া যায়।
গাড়িতে এলপি গ্যাস ব্যবহারের জন্য গাড়ি রূপান্তর (কনভার্শন, সিএনজি ব্যবহারের জন্য যেমন) করতে হয়। গাড়ির পেছনের অংশে এলপি গ্যাসের সিলিন্ডার স্থাপন করা হয়। কয়েকজন ব্যবহারকারী জানান, ৫০ লিটার এলপি গ্যাস ধারণক্ষমতার একটি সিলিন্ডারের ওজন হয় মাত্র ১৯ কেজি। অথচ সাড়ে ১২ ঘনমিটার সিএনজি ধারণক্ষমতার একটি সিলিন্ডারের ওজন হয় ৭০ কেজি। সিলিন্ডারের ওজন কম হওয়ায় গাড়ির লিফ স্প্রিংয়ের কোনো ক্ষতি হয় না।
ব্যবহারকারীদের হিসাব অনুযায়ী, ৩০০ লিটার অকটেনে একটি গাড়ি যতটা পথ চলে, ততটা পথ চলতে এলপি গ্যাস লাগে ৩৭২ কেজি। বর্তমান বাজার দরে ৩০০ লিটার অকটেনের দাম ২৯ হাজার ৭০০ টাকা। আর ৩৭২ কেজি এলপি গ্যাসের দাম ২১ হাজার ৯৪৮ টাকা।
বর্তমানে ঢাকা ছাড়াও খুলনা, যশোর, রাজশাহী ও রংপুরে গাড়ি অটোগ্যাসে রূপান্তর করার জন্য ওয়ার্কশপ আছে। রূপান্তরের ব্যয় প্রায় সিএনজিতে রূপান্তরের মতোই।


ব্যবহারে সতর্কতা ও নিরাপত্তা জরুরি

* চুলায় গ্যাস সরবরাহের আগে রেগুলেটরটির সঠিক মাপ পরীক্ষা করে নিন।
* নিজে নিজে গ্যাসকেট পরিবর্তন করবেন না।
* ভালভের ভেতরে গ্যাসকেট (কালো রঙের রাবারের গোল রিং) আছে কি না নিশ্চিত হোন।
* ভালভে ছিদ্র আছে—এমন সন্দেহ হলে ম্যাচ বা আগুন জ্বালিয়ে পরীক্ষা করতে যাবেন না। সে ক্ষেত্রে সাবান–পানি দিয়ে হোস কানেকশনটি পরীক্ষা করুন এবং প্রতি দুই বছরে একবার হোস পাইপ পরিবর্তন করুন।

পরিবহনে সতর্কতাসমূহ
* আপনার ট্রাকটি কখেনা এলপি গ্যাস সিলিন্ডারবোঝাই অবস্থায় আগুনের কাছাকাছি রাখবেন না।
* সিলিন্ডার ওঠানো এবং নামানোর সময় সর্বদা নিরাপত্তা সরঞ্জাম পরিধান করুন।
* নিরাপত্তা নিশ্চিত করতে সিলিন্ডার পরিবহনে সর্বদা সতর্ক থাকুন।

সংরক্ষণে সতর্কতাসমূহ
* সিলিন্ডারটি সর্বদা খাড়াভাবে, সূর্যতাপ এবং আগুনের উৎস থেকে দূরে রেখে সংরক্ষণ করুন।
* পেট্রল, তরল দাহ্য পদার্থ এবং অ্যারোসল–জাতীয় পদার্থ সর্বদা সিিলন্ডার থেকে দূরে রাখুন।
* এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণাগারে পর্যাপ্ত অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবস্থা রাখুন।
* ভুল এড়াতে খালি সিলিন্ডার এবং পূর্ণ সিলিন্ডার পৃথকভাবে সংরক্ষণ করুন।
* এলপি গ্যাস বাতাসের চেয়ে ভারী এবং এটি বাষ্পীভূত হওয়ার সময় জায়গা দখল করে। তাই এলপি l গ্যাস সিলিন্ডার সংরক্ষণাগারে অবশ্যই বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখুন।

২০১২ সালে সরবরাহ ছিল বছরে এক লাখ টন। এ বছর বেড়ে হয়েছে এক লাখ ৬৫ হাজার টন

২০১২ সালে গ্রাহক পর্যায়ে এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৬০০ টাকা। এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা