এলপি গ্যাসের দাম কমানোর দাবি খুলনাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর দাবিতে গতকাল শুক্রবার খুলনায় সাধারণ মানুষ ও বিশিষ্ট নাগরিকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। খুলনা নাগরিক সমাজ নামের একটি সংগঠনের আহ্বানে গতকাল সকাল ১০টায় নগরের পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন দফায় দফায় গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ার প্রতিবাদে ও একই সঙ্গে মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারি হস্তক্ষেপেরও দাবি জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে রাজধানীসহ খুলনায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো ইচ্ছামতো এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এতে গ্রাহকেরা পড়েছেন বিপাকে। দাম বাড়ায় অনেকেই গ্যাসের সিলিন্ডার কিনতে পারছেন না। অবস্থান কর্মসূচি চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ডিসিপ্লিনের অধ্যাপক দিলীপ দত্ত বলেন, পরিবেশ রক্ষার জন্য কাঠ বা বৈদ্যুতিক হিটার ব্যবহার বন্ধ করা হয়েছে। তাই এলপি গ্যাসের সিলিন্ডার দিয়েই নগরবাসীকে রান্নার কাজ করতে হবে। কিন্তু এর দাম বেড়ে যাওয়ায় গ্রাহকেরা বিপদে পড়েছেন। এ সমস্যা সমাধানে গ্যাসের সিলিন্ডারেও সরকার ভর্তুকি দিতে পারে। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ। এতে বিএনপি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল আলম, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এস এম দাউদ আলী, ওয়ার্কার্স পার্টির মফিজুল ইসলাম, ন্যাপের তপন রায়, গণসংহতি আন্দোলনের মনির চৌধুরী, আবু হাসান, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।