এলপি গ্যাসের সঙ্গে বেড়েছে জ্বালানি কাঠের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রফিকুল ইসলাম (৪০) শিবগঞ্জ উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন। গত শুক্রবার তিনি স্থানীয় দোকানে আসেন খালি সিলিন্ডার নিয়ে। ওই সিলিন্ডার জমা দিয়ে গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে যাবেন। কিন্তু দোকানে এসে তাঁর আক্কেল গুড়ুম অবস্থা।এক মাস আগে তাঁর কাছ থেকে এক সিলিন্ডার গ্যাসের দাম নেওয়া হয়েছিল ৮৫০ টাকা। কিন্তু এখন দোকানদার চাচ্ছেন এক হাজার ২০০ টাকা। এক মাসের ব্যবধানে ৩৫০ টাকা বেশি নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে দোকানি তাঁকে জানান, সরবরাহ নেই। তাই তাঁদেরকেও বেশি দামে কিনতে হয়েছে। রফিকুল ইসলাম বলেন, ‘তখন কী আর করার। দোকানিকে এক হাজার টাকা দিয়ে বাকি ২০০ টাকা পরে দেব জানিয়ে গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে গেলাম। আসলে আমাদের মতো নির্দিষ্ট আয়ের মানুষের জন্য টেকা দায় হয়ে পড়েছে।’ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শুধু যে এলপি (তরল পেট্রোলিয়াম) গ্যাসের দামই বেড়েছে তা নয়, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি কাঠ ও তুষ-কাঠের দামও। দফায় দফায় গ্যাসের দাম বৃদ্ধির ফলে অনেক পরিবার সম্প্রতি জ্বালানি কাঠের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। আর এতে করে জ্বালানি কাঠের দাম গত এক মাসে প্রকারভেদে মণপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।এলাকার কয়েকটি জ্বালানি কাঠের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে আম কাঠের খড়ি প্রতিমণ বিক্রি হচ্ছে ১৫০ টাকা; যা মাসখানেক আগে ছিল ১২৫ টাকা। তা ছাড়া কাঠের তুষ প্রতি বস্তা বিক্রি হচ্ছে ১৪০ টাকা; যা এক মাস আগে ছিল ১২০ টাকা। চারকলের দামও এক মাসে পাঁচ টাকা থেকে (প্রতি পাঁচ কেজি) বেড়ে হয়েছে ৩৫ টাকা। এদিকে বেসরকারি কোম্পানির সরবরাহ করা প্রতি সিলিন্ডার গ্যাস এক হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা সদরের গৃহিণী তাসমিমা বেগম (৩৫) জানান, এমনিতেই সব জিনিসের দাম বেড়েছে। তার ওপর গত এক মাসে গ্যাস ও খড়ির দাম বেড়ে যাওয়ায় তিনি এই রমজান মাসে সংসারের ব্যয় সংকুলান করতে পারছেন না।গ্যাস সিলিন্ডার বিক্রেতা বিনয় চন্দ্র মোহন্ত বলেন, ‘চাহিদা অনুযায়ী আমরা গ্যাসের সিলিন্ডার পাচ্ছি না। তাই কিনতেই দাম বেশি পড়ছে। এ কারণে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম ধরতে হচ্ছে।’ কাঠের খড়ি ব্যবসায়ী রমজান আলী বলেন, রমজান মাসে চাহিদা বেড়ে যাওয়ায় খড়ির দাম কিছুটা বেড়েছে।