এলপি গ্যাসের সরবরাহ দ্বিগুণ করার উদ্যোগ
গৃহস্থালি জ্বালানির চাহিদা মেটাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বাজারে তরলীকৃত গ্যাসের (এলপিজি) সরবরাহ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বছরে আরও অন্তত ৬০ হাজার মেট্রিক টন এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে ৬০ হাজার মেট্রিক টন এলপিজি সরবরাহ করা হচ্ছে। নতুন আমদানি করা এলপিজি সরবরাহ শুরু হলে সরবরাহ ১ লাখ ২০ হাজার মেট্রিক টনে দাঁড়াবে। তবে অতি দাহ্য এই গ্যাস খালাসের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর এলাকার মধ্যে এলপিজি খালাসের অনুমতি দিচ্ছে না। এ কারণে বিপিসি বেসরকারি গ্যাস কোম্পানি প্রিমিয়ার এলপির সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার জেটি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। প্রিমিয়ার এলপি কর্তৃপক্ষ বিপিসির আমদানি করা এলপিজি খালাস ও মজুদের জন্য তাদের জেটি ব্যবহারের সুবিধা দিতে সম্মত হয়েছে। সূত্রমতে, বিপিসি তার অঙ্গ প্রতিষ্ঠান চট্টগ্রামের এলপি গ্যাস লিমিটেড এবং বেসরকারি ছয়টি প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে দেশে বছরে প্রায় ৬০ হাজার মেট্রিক টনের মতো এলপি গ্যাস সরবরাহ করছে। সরকার সারা দেশে গৃহস্থালি কাজে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিপিসি সূত্র জানায়, বর্তমানে যেসব বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ করছে, তাদের কাছে এলপিজি রপ্তানির প্রস্তাব চাওয়া হয়েছে। প্রস্তাবে আগামী মঙ্গলবারের মধ্যে চট্টগ্রাম বন্দর পর্যন্ত রপ্তানির খরচ ও আনুষঙ্গিক তথ্য জানাতে বলা হয়েছে। প্রতিটি জাহাজে ২৫ হাজার মেট্রিক টন করে এলপিজি সরবরাহ করতে বলা হয়েছে। কারণ, প্রিমিয়ার এলপির ট্যাংকের ধারণক্ষমতা সর্বোচ্চ ২৫ হাজার মেট্রিক টন। বিপিসির চেয়ারম্যান মো. মোক্তাদীর আলী প্রথম আলোকে বলেন, ‘দুই মাসের মধ্যে আমরা আমদানি শুরু করতে পারব বলে আশা করছি।’