এলপি গ্যাসের সরবরাহ বৃদ্ধিসহ সাত দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলপি গ্যাসের সরবরাহ বৃদ্ধি, সঠিক ওজন নিশ্চিত করা, ডিলারশিপ বাতিল না করাসহ সাত দফা দাবিতে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় কমিটি।
দুপুরে নগরের খালিশপুর ট্যাংকলরি ভবনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা বিভাগীয় কমিটির এলপি গ্যাসবিষয়ক উপকমিটির আহ্বায়ক গাজী হাফিজুর রহমান। তিনি বলেন, খুলনায় এখনো পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এই এলাকার মানুষকে এলপি গ্যাসের ওপর নির্ভর করতে হয়। কিন্তু খুলনা বিভাগের জন্য সরকারের যে বণ্টন নীতিমালা আছে, সেই অনুযায়ী প্রাপ্য এলপি গ্যাসও পাওয়া যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আবদুল গফফার বিশ্বাস, ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিটির অপর দাবিগুলো হচ্ছে: দীর্ঘদিনের ব্যবহূত সিলিন্ডার ব্যবহারের উপযোগী করা, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির গ্যাসের দাম না বাড়ানো, বাংলাদেশ পেট্রোলিয়ামের (বিপিসি) এলপি গ্যাস কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে না দেওয়া, দীর্ঘদিন ধরে ব্যবহার করা সিলিন্ডার বাতিল না করা।