এলপিআর ও ছুটির ভাতা দাবি
ভোলার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকেরা সরকারের কাছে অবসর প্রস্তুতিকালীন ছুটি (এলপিআর) দাবি করেছেন। এ দাবিতে তাঁরা গতকাল রোববার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এর আগে তাঁরা ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
লিখিত বক্তব্যে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকার ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছে।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সেলিমা আকতার বানু ২০১৫ সালের ১৫ জুন এক চিঠিতে লিখেছেন, সব রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি ছুটি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্য হবেন। কিন্তু তাঁরা ওই পরিপত্র জারির পরে অবসর গ্রহণ করলেও কখনো কোনো ছুটি ও ভাতা পাননি। অতীতেও তাঁরা কোনো ছুটি ভাতা পাননি।
তাঁরা আরও বলেন, তাঁদের এলপিআর ছুটি দেওয়া হলে তাঁরা সরকারি শিক্ষকদের তালিকায় অন্তর্ভুক্ত হতেন এবং ছুটি ভাতা, অবসর ভাতা ও এলপিআর ভোগ করতে পারতেন। এলপিআর না পাওয়ায় বর্তমানে তাঁরা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় তাঁরা সরকারের কাছে এলপিআর ছুটি ও ছুটি ভাতা দাবি করছেন।