এলপিআরে যাওয়ার এক মাস আগে অধ্যক্ষকে বদলি
অবসরে যাওয়ার এক মাস আগে নিয়মবহির্ভূতভাবে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র চক্রবর্তীকে অন্যত্র বদলি করা হয়েছে। বান্দরবান ট্রাস্টের নামে কলেজের জমিতে ভবন নির্মাণে বাঁধা দেওয়ায় তাঁকে এভাবে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, গত জুনে জেলা প্রশাসকের নেতৃত্বে বান্দরবান ট্রাস্টের নামে বান্দরবান সরকারি কলেজের জমি দখল করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) টাকায় প্রতিবন্ধী হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে অধ্যক্ষ সুভাষ চন্দ্র চক্রবর্তী বাধা দেন ও পরে মন্ত্রণালয়ের নির্দেশে ট্রাস্টের সভাপতি হিসেবে জেলা প্রশাসক ও সদস্য সচিব হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে ভবন নির্মাণের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। অধ্যক্ষের অভিযোগ, আইনি লড়াইয়ে জমি দখলের অভিযোগ প্রমাণিত হবে জেনে তাঁকে বিধিবহির্ভূতভাবে বদলি করা হয়েছে। কলেজের উপাধ্যক্ষ রুহুল আমিন জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিবিধি অনুযায়ী অবসরে যাওয়ার ছয় মাস আগে কাউকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বদলি করা যায় না। তবে অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান ট্রাস্টের সদস্যসচিব সোহেল ইমাম খান বলেন, ট্রাস্টের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের জমি নিয়ে মামলা চলছে ঠিকই, কিন্তু এ নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।