আমি আজ (বুধবার) অবসর প্রস্তুতিকালীন (এলপিআর) ছুটিতে যাচ্ছি। এত বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। হঠাৎ এলপিআরে যাওয়ার দুই দিন আগে অপসারণ দাবি করার কারণ কী? এলপিআরে যাওয়া কারও অপসারণ চায় শুনেছেন কোথাও? মূলত অবৈধ সুযোগ না দেওয়া এবং প্রধান সহকারীর অনিয়ম ধরিয়ে দেওয়ায় অছাত্র দিয়ে তিনি আন্দোলন করিয়েছেন। এর সঙ্গে কয়েকজন শিক্ষকের ইন্দন আছে।
এলপিআরে যাওয়া বরিশালের সরকারি বাকেরগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ আলী এসব কথা করেন।
অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ আলী অভিযোগ করেন, কলেজের প্রধান সহকারী মো. আনিসুর রহমান বাকেরগঞ্জের স্থায়ী বাসিন্দা। তিনি নানা আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত। কলেজের প্রায় ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ওই অভিযোগে একাডেমিক কাউন্সিল তাঁকে অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিনি অর্থ ব্যাংকে জমা করেননি। এ ব্যাপারে চাপ দেওয়া হলে তিনি অবৈধ সুযোগ না পেয়ে কারণ দর্শানো নোটিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে জোটবদ্ধ হন। আনিসুর রহমান স্থানীয় হওয়ায় কিছু অছাত্র দিয়ে অধ্যক্ষকে অপসারণের আন্দোলন করান।
কলেজের ব্যাংক হিসাব এবং লেজার বই অনুসন্ধান করে দেখা যায়, ব্যাংক হিসাবের সঙ্গে লেজার বইয়ের অসংগতি রয়েছে। গত বছরের জানুয়ারি মাসের ১ তারিখ লেজার বইয়ে ৭২ হাজার ২৯৩ টাকা দেখানো হলেও ব্যাংক হিসাবে জমা পাওয়া যায় ৬৭ হাজার ১৯৬ টাকা। একই দিনে জনতা ব্যাংক ৬০৩৯, ৬০৫৩, ৬০৫৪ এবং ৫৮৭৬ নম্বর হিসাবের বিপরীতে প্রধান সহকারী মো. আনিসুর রহমান ৭৮ হাজার ৫৭৩ টাকা জমা না করে নিজে রেখে দেন।
এ ব্যাপারে গত বছরের ২২ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ব্যাংক হিসাবে ওই টাকা জমা দিতে নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে টাকা জমা না দেওয়ায় ২ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়। ওই সভায় অধ্যক্ষসহ ১৩ জন শিক্ষক উপস্থিত ছিলেন। প্রধান সহকারী নির্দেশনা অমান্য করায় ওই সভায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে কলেজের প্রধান সহকারী মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কলেজের হিসাবে অনিয়ম নিয়ে অধ্যক্ষ আমাকে একটি চিঠি দিয়েছিলেন। আমি তার জবাব দিয়েছি। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। আমি টাকা জমা দেব কেন? আমি কি টাকা কালেকশন করি? আমার টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি কিছুদিন দায়িত্ব পালন করেছি মাত্র।’ অছাত্র দিয়ে আন্দোলন করানোর বিষয়ে তিনি বলেন, ‘আমি কাউকে দিয়ে আন্দোলন করিয়েছি এটা সঠিক নয়। অবসরের দুই দিন আগে অপসারণ আন্দোলন প্রশ্ন দেখা দেয় কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্ররা কেন আন্দোলন করেছে সেটা তারাই ভালো বলতে পারবে।’
এ ব্যাপারে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কলেজে কোষাধ্যক্ষ না থাকায় প্রধান সহকারী হিসাব পরিচালনা করতেন। তাঁর কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর একাডেমিক কাউন্সিলের সভায় অধ্যক্ষ হিসাবে গরমিলের বিষয়টি উত্থাপন করেছেন। সেখানে ব্যাংক হিসাব এবং লেজার বইয়ের সঙ্গে অসংগতি দেখা গেছে। শিক্ষার্থীরা পিকনিকে যেতে না পেরে আন্দোলন শুরু করেছে। সেখানে কিছু শিক্ষার্থী ছিল যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। কিন্তু সবাই অছাত্র এটা সঠিক নয়।