এলব্রুস পর্বত জয় করলেন মুসা নিয়াজ ও সিফাত

ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসের শীর্ষ চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম, পর্বতারোহী নিয়াজ মোরশেদ পাটওয়ারী ও সিফাত ফাহামিদা নওশিন। পর্বত চূড়ায় আরোহণের মাধ্যমে ২৬ জুন বুধবার ‘প্রথম বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযান’ সম্পন্ন হয়েছে। তিন বাংলাদেশির সঙ্গে গাইড হিসেবে ছিলেন রাশিয়ার ডালহাত ওলমেঝভ। গতকাল বৃহস্পতিবার ই-মেইলে মুসা ইব্রাহীম এসব তথ্য জানান। ১৮ হাজার ৫১০ ফুট উচ্চতার এলব্রুস রাশিয়া-জর্জিয়া সীমান্তে পশ্চিম ককেশাস পর্বতমালার সর্বোচ্চ পর্বত। বুধবার স্থানীয় সময় সকাল আটটা ৪০ মিনিটে অভিযাত্রীরা এলব্রুসের চূড়ায় বাংলাদেশ ও রাশিয়ার পতাকা ওড়ান। টিম বাংলাদেশ নামের এই অভিযাত্রীরা ১৩ জুন মস্কো থেকে রওনা দিয়ে এলব্রুস পর্বতের দক্ষিণ পথের পাদদেশ আজাউ ভ্যালিতে পৌঁছান। ১৪ জুন থেকে শুরু হয় মূল অভিযান। এর আগে চলতি বছরের ২৮ মার্চ বাংলাদেশের দ্বিতীয় নারী এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন এলব্রুস জয় করেন। এলব্রুস পর্বতে প্রথম বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে সামিট গ্রুপ, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ও আবদুল মোনেম লিমিটেড। সহযোগিতা করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ টুরিজম বোর্ড, বাংলাদেশে রাশিয়ার দূতাবাস এবং রাশিয়ার কাবারডিনো বলকারিয়া রিপাবলিকের ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়। এ অভিযান আয়োজন করেছে এভারেস্ট একাডেমি ও নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ।
সাত মহাদেশের শীর্ষ সাত চূড়া জয়ের (সেভেন সামিট) পথে মুসা ইব্রাহীমের এটি তৃতীয় সফল অভিযান।