এলাকা ছাড়ছে আইলাদুর্গতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গেরামে কাজ নি। তার পরও আধাপিটা খিয়ে না-খিয়ে পুড়ে ছেলাম, বাপ-দাদার ভিটেয় ফিরতি পারবু—এ আশায়। বাঁধ হতেছে না, বুর্ষাকাল এসে গে, তাই চলে যেতেছি শহুরে। বাঁধ না হুলে গেরাম সাবাড় হুয়ে যাবেনে। সকুলে চুলে যাবনে গেরাম ছ্যাড়ে।’ কথাগুলো বলছিলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আইলা-বিধ্বস্ত প্রতাপনগর ইউনিয়নের রুইয়েরবিল গ্রামের শহীদ সানা (৬০)।শহীদ সানার মতো উপজেলার রুইয়েরবিল গ্রামের হক গাজী (৪৫), চাকলা গ্রামের মিজানুর রহমান (৩৫), মঞ্জু রহমানসহ (৩২) অনেকেই এখন এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। শুধু রুইয়েরবিল গ্রামের দুই শতাধিক পরিবার বান্দরবানে চলে গেছে। একই অবস্থা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নেও। আইলার পরপর যারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে খুপরিঘরে বসবাস করছিল, তারা এখন অন্যত্র চলে যাচ্ছেন।এলাকাবাসী জানান, অপরিকল্পিতভাবে রিংবাঁধ দেওয়ায় আশাশুনি ও শ্যামনগর উপজেলার তিনটি ইউনিয়নের দুই হাজার পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। কয়েক হাজার বিঘা জমি চলে যাচ্ছে নদীর পেটে। যারা গত এক বছর ভিটায় ফেরার আশায় পাউবোর বাঁধে বসবাস করছিল, রিংবাঁধ দেওয়ায় তাদের অনেকে এখন এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আরও রয়েছে যাওয়ার অপেক্ষায়।আশাশুনি উপজেলার রুইয়েরবিল গ্রামের ইছাক সানা, জিয়াদ আলী সানা ও রিয়াছাত আলী সরদার জানান, ২০০৯ সালের ২৫ মে আইলায় পাউবোর বেড়িবাঁধ ভেঙে ইউনিয়নের একাংশ প্লাবিত হয়। পাউবো লোকালয়ে খোলপেটুয়া নদীর পানি ঢোকা বন্ধ করতে ক্লোজার (বড় বাঁধ) নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা করতে না পেরে রিংবাঁধ নির্মাণ করা হচ্ছে গ্রামের কেয়ারের রাস্তা পর্যন্ত। এতে এলাকার বিরাট অংশ থেকে যাচ্ছে অরক্ষিত।গাবুরা ইউনিয়নে গিয়ে দেখা যায়, ক্লোজার কিংবা বেড়িবাঁধ না করে রিংবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করা হয়েছে। এতে জেলেখালী গ্রামের ৩০০ পরিবার, সোরার ৭৫০ ও চকবারা এলাকার ৪৫০ পরিবার বাঁধের বাইরে রয়েছে। ইতিমধ্যে এসব এলাকার দীর্ঘদিন অপেক্ষায় থাকা অনেক পরিবার অন্যত্র চলে যাচ্ছে। জেলেখালী গ্রামের পরিমল মৃধা (৫০) জানান, তাঁদের জমি ও ভিটাবাড়ি বাদ রেখে রিংবাঁধ দেওয়া হয়েছে। এত দিন যেসব বাড়িঘর দাঁড়িয়ে ছিল, সেগুলো চলে যাচ্ছে নদীতে। এতে ওই তিনটি গ্রামের কমপক্ষে ১৫ হাজার বিঘা জমি চলে যাবে নদীগর্ভে। একই অবস্থা পদ্মপুকুর ইউনিয়নে। রিংবাঁধ দেওয়া হয়েছে প্রায় দুই হাজার বিঘা জমি বাদ রেখে। ওই জমি আস্তে আস্তে চলে যাবে নদীর পেটে।প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান ও গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম সফিউল আযম জানান, রিংবাঁধের বাইরে থাকা জমি ও ঘরবাড়ি নদীতে চলে যাচ্ছে। আইলার পর যারা বেড়িবাঁধে ছিল, তারা বাড়ি ফিরতে পারবে না বলে এলাকা ছেড়ে চলে যাচ্ছে।সাতক্ষীরা পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান ও বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শাহবুদ্দিন আহমেদ জানান, যেসব এলাকায় ক্লোজার দেওয়া সম্ভব হয়নি, অনেক জমি ও ঘরবাড়ি বাদ দিয়ে ওই সব এলাকায় রিংবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করা হয়েছে। বৃহত্তর স্বার্থে এটা করা হয়েছে। তা না হলে এ বছর কেউ ঘরে ফিরতে পারত না। দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষ আরও একটা মৌসুম কষ্ট পাবে।