বরগুনার আমতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ মেরামতকাজের অনিয়মের অভিযোগ ওঠায় বিশ্বব্যাংকের তিন সদস্যের একটি প্রতিনিধিদল গত রোববার প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। প্রতিনিধিদলটি সকাল থেকে বিকেল পর্যন্ত বাঁধের কাজের মান ও অন্যান্য দিক ঘুরে দেখে।
পাউবো সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘ইসিআরআরপি’ প্রকল্পের আওতায় বরগুনা সদর, আমতলী, তালতলী ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২৩৯ কোটি টাকা ব্যয়ে ১৪৬ কিলোমিটার বাঁধ মেরামত, ক্ষতিগ্রস্ত জলকপাট নির্মাণ ও সংস্কার এবং ৮৬ কিলোমিটার নদীভাঙনকবলিত এলাকায় সিমেন্টের ব্লক স্থাপনের কাজ চলছে। গত সেপ্টেম্বর মাসে দুই বছরমেয়াদি এই প্রকল্পের কাজ শুরু হয়। এর আওতায় আমতলী উপজেলার ৪৩/১ পোল্ডারের ২৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামতকাজ চলছে।
সংশ্লিষ্ট এলাকার লোকজনের অভিযোগ, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা প্রাক্কলন অনুযায়ী এই কাজ করছেন না। এসব অভিযোগ সরেজমিনে যাচাই করার জন্য রোববার বিশ্বব্যাংকের তিন সদস্যের একটি প্রতিনিধিদল আমতলী আসে এবং মেরামত করা বাঁধের এলাকা পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন বিশ্বব্যাংকের পরিচালক (মনিটরিং) রফিকুল ইসলাম, সহকারী পরিচালক (মনিটরিং) পবিত্র কুমার দাস ও প্রকল্প দলনেতা জয়ন্ত বি কারকী। এ সময় পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম তাঁদের সঙ্গে ছিলেন।
জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন, কাজের বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি।
১৭ এপ্রিল প্রথম আলোয় ‘আমতলীতে বাঁধ সংস্কারে অনিয়ম’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।