এলাকা বড়, সাফল্য ছোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের সাত থানা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল কার্যালয়। এই কার্যালয়ের অধীন এলাকা বড় হলেও কাজে তেমন সাফল্য নেই। চলতি বছরের আট মাসে এ কার্যালয়ের কর্মকর্তারা উল্লেখযোগ্য পরিমাণের মাদকদ্রব্য জব্দ করতে পারেননি। মাদকের আড্ডায় অভিযান চালানোর ঘটনাও কম।

স্থানীয় লোকজনের অভিযোগ, এই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ক্রিয়তার কারণে এই ছয় উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।  অবশ্য ওই কার্যালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, লোকবল-সংকট ও অস্ত্রশস্ত্র না থাকায় তাঁরা অভিযান চালাতে পারছেন না।

জানা গেছে, ভৈরব, ভৈরব রেলওয়ে থানা, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, নিকলী ও অষ্টগ্রাম থানা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল।

নথিপত্র ঘেঁটে দেখা যায়, এই কার্যালয়ের কর্মকর্তারা জানুয়ারি থেকে চলতি (আগস্ট) মাসের ১৫ তারিখ পর্যন্ত সাড়ে ১১ কেজি গাঁজা, ১২৯ বোতল ফেনসিডিল, ৪৬৪টি ইয়াবা বড়ি ও ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছেন। এই সময়ের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৩৮ জনকে ১৫ দিন থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। আর মাদকদ্রব্য জব্দের ঘটনায় নিয়মিত মামলা হয়েছে মাত্র নয়টি।

সীমাবদ্ধতার কথা তুলে ধরে পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘চারজন দিয়ে সাত থানা পাহারা দিতে বলা হয়েছে। এর মধ্যে দুটি থানার অবস্থান হাওরে। লোকবল, অস্ত্র আর গাড়ি ছাড়া মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সাফল্য পাওয়া কঠিন। তারপরও আমরা বসে নেই।’

 তবে ওই কার্যালয়ের উপপরিদর্শক আল আমিন  তাঁদের লোকবল-সংকটের কারণেই তাঁরা সফল হচ্ছেন না বলে দাবি করেন। তিনি বলেন, ‘লোকবল বলতে গুনে গুনে আমরা চারজন। ইন্সপেক্টর (পরিদর্শক), আমি আর দুজন সিপাই। দুই সিপাইয়ের মধ্যে একজন আবার প্রতিবন্ধী কোটার। গাড়ি, অস্ত্র দুটির কোনোটি নেই।’

সরেজমিনে দেখা গেছে, ভৈরব সার্কেলের কার্যালয়টি শহরের আমলাপাড়া মহল্লায়। কার্যক্রম চলছে একটি ভাড়া বাসার তিনটি কক্ষ নিয়ে। নিচতলার তিন কক্ষের কার্যালয়টির একটিতে বসেন পরিদর্শক। অন্যটিকে উপপরিদর্শক ও দুই সিপাই। সিপাই মিজানুর রহমান ছাড়া আর কারও সাক্ষাৎ পাওয়া যায়নি।

মিজানুর বলেন, ‘আমি প্রতিবন্ধী। অপারেশনে যেতে পারি না। মামলার সাক্ষ্য দিতে পরিদর্শক ভৈরবের বাইরে আছেন।’

এলাকাবাসী বলেন, ভৈরব মাদক পাচারের অন্যতম ট্রানজিট পয়েন্ট। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করা হয়। এ রকম একটি স্থানে সার্কেলটির অবস্থিত। অথচ মাদক ব্যবসা বন্ধে বা পাচার ঠেকাতে সার্কেলের  কর্মকর্তা-কর্মচারীরা যথাযথ ভূমিকা পালন করতে পারছেন না।