এলাকাবাসী ও ছাত্রলীগের মধ্যে হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে ছাত্রলীগ-নিয়ন্ত্রিত সিটে বসাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকায় ছাত্রলীগ ও এলাকাবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় ১ নম্বর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এলাকাবাসী আজ (রোববার) সকাল ১০টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যালয় অবরোধের ঘোষণা দেয়।
ঘটনায় আহত ব্যক্তিরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মামুন, চারুকলা ইনস্টিটিউট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নয়ন ও অর্থনীতি বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান। আহত ব্যক্তিদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিকেলে প্রক্টর অফিস বরাবর অভিযোগ দায়ের করেছে আহত মামুন ও নয়ন। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
চবি ছাত্রলীগের সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম রোমেন বলেন, ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। আলোচনার মাধ্যমে এ ঘটনার সমাধান করার চেষ্টা চলছে।