এলাকাবাসী ও পর্যটকদের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদের ওপর নির্মিত শেখ কামাল সেতু গতকাল উদ্বোধন করা হয়। বিকেলে তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদের ওপর নির্মিত শেখ কামাল সেতু গতকাল উদ্বোধন করা হয়। বিকেলে তোলা ছবি l প্রথম আলো

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দুপুর ১২টা ১ মিনিটে যানবাহন চলাচলসহ যাত্রীসাধারণের জন্য শেখ কামাল ও শেখ জামাল সেতু দুটি খুলে দেন। এ সময় সেতু এলাকায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কাউকে কাউকে মুঠোফোনে সেলফি তুলতেও দেখা যায়। দূর-দূরান্ত থেকে কুয়াকাটায় আগত পর্যটকেরাও স্থানীয় লোকজনের সঙ্গে এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন। ছোট ছোট শিশু থেকে বয়স্ক মানুষকেও উল্লাস করতে দেখা যায়।
বরিশাল থেকে কুয়াকাটায় ভ্রমণে আসা বরিশাল বিভাগীয় প্ল্যান অ্যান্ড ডিজাইন অ্যাসোসিয়েশনের সদস্যদের আনন্দ-উল্লাস ছিল চোখে পড়ার মতো। এ প্রতিষ্ঠানের সদস্যরা গাড়ি থেকে নেমে ব্যানার নিয়ে সেতুর প্রবেশদ্বারে দাঁড়িয়ে ছবি তোলেন এবং নেচে-গেয়ে পুরো এলাকা মাতিয়ে তোলেন। এ প্রতিষ্ঠানের সভাপতি মো. আখতার হোসেন বলেন, ‘আমরা শুধু সেতু পার হলাম তা নয়, ইতিহাসেরও সাক্ষী হয়ে গেলাম।’ একটা পর্যন্ত চলে মানুষজনের অভিব্যক্তি প্রকাশের এসব আয়োজন। এরপর যাত্রীবাহী বাস-মাইক্রোবাস, প্রাইভেট কার, পণ্যবাহী ট্রাক সেতুর ওপর দিয়ে চলাচল করতে শুরু করে।
কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের ষাটোর্ধ্ব আবদুল জব্বার পাহলান বলেন, ‘মোরা নদী-খাল এলাকার মানুষ। জন্মের পর অইতে আন্ধারমানিক নদের খেওয়া পার অইয়া উপজেলা সদরে যাওয়া-আসা করতে অইছে। আইজগো অইতে সেতু পারাইয়া বাড়ি যামু, এই বুড়া বয়সে এইয়ার চাইতে আনন্দের আর কী আছে।’
শেখ জামাল সেতু এলাকার হাজিপুর গ্রামের বাসিন্দা মমিন উদ্দিন বলেন, ‘মোগো কষ্টের দিন শ্যাষ অইয়া গ্যাছে। সেতুডা চালু অওনে মোগো কলাপাড়া, আর ঢাকা-বরিশাল যাইতে সময় কম লাগবে।’
বাসচালক মো. নাসির উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী সেতু উদ্বোধন করবেন শোনার পর হইতে আনন্দ মনের মধ্যে সৃষ্টি হইছে। আমি ভাগ্যবান এই কারণে, শেখ কামাল সেতুতে টোল দিয়া আমিই প্রথম সেতু পার হইলাম। সেই সঙ্গে বছরের পর বছর ধরে ফেরি পারাপারের কষ্ট দূর হইয়া গেল।’
মহিপুর বন্দরের মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফজলু গাজী বলেন, ‘বঙ্গোপসাগর থেকে আহরিত ইলিশসহ অন্যান্য মাছ পরিবহন করতে ভোগান্তির শেষ ছিল না। মৎস্য পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক, পিকআপগুলো কুয়াকাটা থেকে মাছ বোঝাই করে পুরান মহিপুর এবং নীলগঞ্জ ফেরিঘাটে গিয়ে বসে থাকত। অনেক সময় ফেরি বিকল থাকলে দুর্ভোগ আরও বেশি হতো। সেতু দুটি চালু হওয়ায় আমাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে।’
তবে শেখ কামাল এবং শেখ জামাল সেতু পারাপারের টোল নিয়ে বাস, মাইক্রোবাস এবং অটোচালকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে কলাপাড়ার অটোচালকেরা শেখ কামাল সেতু এলাকার উত্তর প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করেন। কুয়াকাটা থেকে দিনাজপুরগামী বিআরটিসি বাসের চালক মো. ফিরোজ কবির বলেন, ‘আগে আমরা ফেরি পার হতে ৯৫ টাকা দিতাম। আর এখন সেতু পার হতে ১৮০ টাকা দিতে হলো। ভাড়াটা অতিরিক্ত নির্ধারণ করা হয়েছে।’ অটোচালক সহিদুল ইসলাম বলেন, ‘অটো পার হতে ফেরিতে ১০ টাকা লাগত। এখন সেতু পার হতে ২০ টাকা নিল। ভাড়া লইয়া আমাগো লগে জুলুম করা হইছে।’
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘টোল নীতিমালার আলোকে ভাড়া নির্ধারণ করা হয়েছে। সংসদে এ নিয়ে আইন পাস হয়েছে। এ ক্ষেত্রে আমাদের করার কিছুই নাই।’
এর আগে বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদের ওপর নির্মিত শেখ কামাল সেতু এবং সোনাতলা নদের ওপর নির্মিত শেখ জামাল সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্স করে তিনি এই সেতু দুটি উদ্বোধন করেন।
সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সেতু দুটি উদ্বোধনের পর জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, কলাপাড়া-রাঙ্গাবালী আসনের সাংসদ মো. মাহবুবুর রহমান, গলাচিপা-দশমিনা আসনের সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, পটুয়াখালী সদর আসনের সাংসদ ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের বরিশাল অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইমদাদ হোসেন, পটুয়াখালী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শওকত আলী, পটুয়াখালী জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক সিদ্দিকী, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়া প্রমুখ।