এলাকাবাসী ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সোমবার বিকেলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের তিন সহপাঠী আহত হওয়ার ঘটনায় গত রোববার ‘কফি হাউস’ নামের স্থানীয় একটি রেস্তোরাঁয় বিক্ষুব্ধ ছাত্ররা ভাঙচুর চালান। এর জের ধরে গতকাল সোমবার বিকেলে ওই রেস্তোরাঁর মালিকের নেতৃত্বে স্থানীয় বালুচর এলাকার ৪০-৫০ জন সশস্ত্র সন্ত্রাসী মোটরসাইকেলযোগে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ক্যাম্পাসে ঢোকে। এ সময় তারা বিভিন্ন আবাসিক হলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালার কাচ ভেঙে যায়। কয়েকটি ককটেলও নিক্ষেপ করে তারা। এ সময় হলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা গুলিবর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।তবে রোববার শিক্ষার্থীদের হামলায় ভাঙচুর হওয়া কফি হাউসের মালিক সোহাগ আহমদ বলেন, এলাকাবাসী রেস্তোরাঁয় হামলাকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করছিল। এ সময় কিছু শিক্ষার্থী ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ভয়ে এলাকাবাসী পালিয়ে যায়।শাহপরান থানার ওসি লিয়াকত আলী জানান, গুলিবর্ষণ বা ককটেল নিক্ষেপ হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচালক (পরামর্শ ও নির্দেশনা) মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ‘গতকাল (সোমবার) সন্ধ্যায় রেস্তোরাঁর মালিক ও এলাকাবাসীর সঙ্গে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এলাকাবাসীর হামলার ঘটনায় আমরা বিস্মিত। রাতেই বিষয়টির স্থায়ী মীমাংসার চেষ্টা চালানো হবে।’