‘গায়ের জোরে যা ইচ্ছা তাই করেছে তারা, কোনো কথাই কানে তোলেনি। এখন নিজের বাড়ি ছেড়ে আমার বাইরে থাকা লাগছে। এর বিচার কে করবে?’ক্ষুব্ধ কণ্ঠে কথাগুলো বললেন তেল ব্যবসায়ী মো. হারুনুর রশীদ। গত শুক্রবার রাতে তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় নির্মাণাধীন ‘ইমপালস হাসপাতাল ও মেডিকেল কলেজ’-এর পাইলিংয়ের দেয়াল ধসে পড়লে পাশে তাঁর পাঁচতলা বাড়ির (প্লট-২৪৩/এ/১২) সীমানাপ্রাচীরের বিশাল অংশজুড়ে ফাটল ধরে। সেনাবাহিনীর একটি দল গত শনিবার দুপুর থেকে সংলগ্ন ভবনগুলোর ধসে পড়ার ঝুঁকি এড়াতে পাইলিংয়ের গর্ত মাটি দিয়ে ভরাট করার কাজ শুরু করে। তারা জানায়, সোয়া বিঘা জমিতে করা প্রায় ৪২ ফুট গভীর এই গর্ত ভরাট করতে আরও চার দিন লাগবে। রাজউক চেয়ারম্যান নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, আগামী দুই দিনের মধ্যে সংলগ্ন বাড়িগুলোর প্রাথমিক ঝুঁকি এড়ানো সম্ভব হবে।’ওই ধসের ফলে দুটি বাড়ি, একটি টিনশেড ঘর ও একটি রাস্তার অংশবিশেষ পাইলিংয়ের গর্তে পড়ে যায়। সংলগ্ন প্রায় ১০/১২টি বাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। এসব বাড়ির বাসিন্দারা এখন প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাসায় গিয়ে থাকছেন। গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের আরও কয়েকটি বাড়ির বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। হারুনুর রশীদ বলেন, ‘এখন ভবনের মালিকদের কাউকে ফোন করে পাওয়া যায় না। আমরা তাঁদের কাছে এর উপযুক্ত ক্ষতিপূরণ চাই। কারণ, আমাদের দুর্দশার জন্য তাঁরাই দায়ী।’নির্মাণাধীন ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আল-আমীনের মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।এ ঘটনায় মালিকপক্ষকে আসামি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও এলাকাবাসী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মোটটি সাতটি মামলা করেছেন। দুর্ভোগে এলাকাবাসী: রোববার দুপুরে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর আশপাশের এলাকা ঘুরে নির্মাণস্থলসংলগ্ন রাস্তা ও বাড়িগুলোতে অনেক ছোট-বড় ফাটল দেখা যায়। তবে গতকাল অধিকাংশ বাড়িই ছিল তালাবদ্ধ। নির্মাণস্থলের উত্তর দিকের রাস্তা ধসে পড়লে পাশের দুটি একতলা বাড়ির একাংশ পাইলিংয়ের গর্তে পড়ে যায়। তার মধ্যে একটির (প্লট-২৪৩/এ/৩) মালিক মাহবুবে আজম। তিনি জানান, তাঁর বাসার কোনো মালপত্রই আর অবশিষ্ট নেই। এ বাড়ির বাসিন্দা আবুল কালাম আজাদ অভিযোগ করেন, বাড়ি ধসের সঙ্গে এবার যোগ হয়েছে চোরের উপদ্রব। শনিবার রাতে বাড়ির পানির মোটর চুরি হয়ে গেছে। ধসের ঘটনায় পশ্চিম দিকের আরেকটি পাঁচতলা বাড়ি (প্লট-২৪৩/এ/১৭) ক্ষতিগ্রস্ত হয়। এ বাড়ির বাসিন্দা ইয়াসিন দীপু জানান, ঘটনার পরই ভাড়াটেরা বাড়ি ছেড়ে চলে গেছে। ভবনের নিচতলায় ও দেয়ালে ফাটল ধরেছে। ধসের ফলে পার্শ্ববর্তী এলাকার প্রায় ২০/২৫টি বাড়িতে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী আবদুল ওহিদ জানান, পানি, বিদ্যুৎ না থাকায় আশপাশের বাড়িগুলোতেও মানুষ থাকতে পারছে না।ইনসাবের বিক্ষোভ: ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন (ইনসাব) গতকাল সকালে ঘটনাস্থলের সামনের রাস্তায় মানববন্ধন করে। ইনসাব নেতারা ঘটনায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা খরচ দেওয়ার দাবি জানান। তাঁরা বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে মালিকপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে শতাধিক নির্মাণশ্রমিক উপস্থিত ছিলেন।