এলাকাবাসীকে বঞ্চিত করে চেয়ারম্যানের বিল দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি বিল দখল করে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান একাই মাছ চাষ করছেন। ফলে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি মাছ ধরতে না পেরে মানেবতর জীবনযাপন করছেন স্থানীয় মৎস্যজীবীরা।
বিলটি দখলমুক্ত রাখার দাবি জানিয়ে চলতি মাসের প্রথম দিকে এলাকাবাসী ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে দেড় হাজার মানুষের স্বাক্ষর রয়েছে। বিলটির দখল নিয়ে চেয়ারম্যানের লোকজন ও এলাকাবাসীর মধ্যে একাধিকবার অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন বিল এলাকায় ১৪৪ ধারা জারি করে। ওই ধারা এখনো বহাল রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, বাসুপাড়া ইউনিয়নের দুই হাজার বিঘা আয়তনের নাককাটি বিলটি যুগ যুগ ধরে উন্মুক্ত ছিল। বর্ষা মৌসুমে বিলের আশপাশের সাঁইপাড়া, হলুদঘর, বীরকয়া, ইসলাবাড়ি, কুতুবপুর, খয়রা, মন্দিয়াল ও ঠাকুরপাড়া গ্রামের জেলে ও সাধারণ মানুষ মাছ ধরে আসছিলেন। চলতি বর্ষা মৌসুমের শুরুতে বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ও জাবের আলী নামের তাঁর এক সহযোগী বিলে মাছ ছাড়েন এবং এলাকার জেলে ও সাধারণ মানুষকে মাছ ধরা বন্ধ করে দেন। মাছ পাহারা দেওয়ার জন্য তিনি বিলে অস্থায়ী স্থাপনাও নির্মাণ করেন।
এলাকাবাসী জানান, বিলটি বেদখল হয়ে যাচ্ছে বুঝতে পেরে সাধারণ লোকজন কিছু মাছ ছাড়েন। এতে চেয়ারম্যানের লোকজনের সঙ্গে তাঁদের বিরোধ দেখা দেয়। উভয় পক্ষই বিলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা, ভাঙচুরসহ একাধিকবার অপ্রীতিকর ঘটনাও ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চেয়ারম্যান প্রভাব খাটিয়ে বিলটি দখলে নিয়ে মাছ চাষ শুরু করেছেন। বিলে কৃষকদের জমি থাকলেও তাঁদের কিছুই জানানো হয়নি।
স্থানীয় জেলেরা জানান, তাঁরা বর্ষা মৌসুমে বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। চেয়ারম্যান মাছ চাষ করায় এবার তাঁরা মাছ ধরতে পারছেন না। ফলে পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।
লুৎফর রহমান বলেন, তিনি এলাকার কৃষকদের জমিতে বিনা খরচে সেচ দেওয়ার চুক্তি করে বিলে মাছ ছেড়েছেন। এলাকার একটি রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে ক্ষতিগ্রস্ত করার জন্য এমন অভিযোগ করেছে। তবে এলাকাবাসী বলছেন, চেয়ারম্যানের নিজ গ্রাম সাঁইপাড়ায় হাতে গোনা কয়েকজন জমির মালিকের সঙ্গে তাঁর চুক্তি হতে পারে। কিন্তু বিপুলসংখ্যক মানুষের সঙ্গে কোনো চুক্তি হয়নি। তাঁরা বিলটি দখলমুক্ত করার দাবি জানান।
বাগমারা থানার ওসি আবদুল হামিদ বলেন, বিলে মাছ চাষ করা নিয়ে চেয়ারম্যান ও সাধারণ মানুষের মধ্যে একাধিবার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় একাধিক অভিযোগ ও জিডি রয়েছে। ইউএনও সাদেকুল ইসলাম জানান, এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সংঘাত এড়াতে জেলা প্রশাসকের নির্দেশে বিল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো পক্ষই বিলে নামতে পারবে না।