এলাকাবাসীর তীব্র আপত্তি সত্ত্বেও বড়াল নদকে অবক্ষয়িত জলাশয় দেখিয়ে আটটি মৎস্য প্রকল্প অনুমোদন করেছে মৎস্য অধিদপ্তর। নদপারের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের জন্য মৎস্য অধিদপ্তর প্রকল্পটি অনুমোদন করেছে। এটি বাস্তবায়ন হলে পুরো বড়াল নদ ছোট ছোট পুকুরে পরিণত হবে।প্রকল্পটি বন্ধ করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব এস এম মিজানুর রহমান পাবনা যুগ্ম জজ আদালত-২ এ মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে গত ১৬ জানুয়ারি থেকে নদে স্থিতাবস্থা জারি করেছেন। এস এম মিজানুর রহমান জানান, নদে এ ধরনের প্রকল্প সরকারি অর্থ লোপাটের কৌশলমাত্র। প্রকল্পটি বাস্তবায়ন হলে বড়াল নদ উঁচু-নিচু খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে ছোট ছোট পুকুরে পরিণত হবে। নৌযান চলাচলে বাধার সৃষ্টি হবে। প্রকল্প অংশ প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে যাবে, সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে। মাছ চাষের জন্য নদীতে হাঁস-মুরগির বিষ্ঠা ফেলায় পরিবেশ দূষণ হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৎস্য অধিদপ্তর চাটমোহর উপজেলার বিলচলন, হরিপুর ও গুনাইগাছা ইউনিয়নের নদ এলাকাকে অবক্ষয়িত জলাশয় দেখিয়ে ৬৮ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন করেছে। এ প্রকল্পের মাধ্যমে নদে ছোট ছোট পুকুর তৈরি করে দেশি প্রজাতির ছোট মাছ সংরক্ষণ করা হবে। সমস্যাগুলো জানিয়ে প্রকল্পটি বন্ধের জন্য নদপারের বাসিন্দারা মৎস্য অধিদপ্তরে আবেদন করেছিলেন। কিন্তু প্রকল্প পরিচালক কাজী ইকবাল আজম আবেদনটি অগ্রাহ্য করেছেন। এ ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়েরও অনুমোদন নেওয়া হয়নি। এ অবস্থায় ১৬ জানুয়ারি আদালতে মামলা করা হয়। মামলায় মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক কাজী ইকবাল আজম, চাটমোহর উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব হোসেন খান প্রথম আলোকে বলেন, বিলচলন, গুনাইগাছা ও হরিপুর ইউনিয়নের চেয়ারম্যানদের প্রস্তাবে প্রকল্পটি তৈরি হয়েছে। নদপারের বাসিন্দারা অভিযোগ করেন, ওই তিন চেয়ারম্যানের সবাই সরকারি দলের নেতা। এ কারণে তাঁরা দলীয় প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। প্রকল্পটি অনুমোদন না করার জন্য বারবার অনুরোধ করা হলেও চেয়ারম্যানরা তা শোনেননি।এ প্রসঙ্গে বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে নদপারের বাসিন্দাদের কোনো অসুবিধা হবে না। বরং তাঁরা উপকৃত হবেন—সারা বছর নদীতে পানি পাওয়া যাবে। গুনাইগাছা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বলেন, ‘আমরা অনেক টাকা খরচ করে প্রকল্পটি পাস করে আনছি। এটি বাস্তবায়ন হলে কারও কোনো ক্ষতি হবে না।’২০১০-১১ অর্থবছরে মৎস্য বিভাগ প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকায় একই ধরনের একটি প্রকল্প বাস্তবায়ন করে। গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আমজাদ হোসেন জানান, ওই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নদের মাঝ দিয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া হয়েছিল। এতে বর্ষা মৌসুমেও নদীপথ ব্যবহার করা সম্ভব হয়নি। একই ইউনিয়নের বড় শালিখা গ্রামের মহরম হোসেন বলেন, ‘বড়াল নদীর পানি দিয়ে আমাগের নাওয়া-খাওয়া চলে। গত বছর মাছ চাষ করায় পানি নষ্ট হয়া গেছিল।’গত বছরের ২৮ মে প্রথম আলোয় ‘সরকারি টাকায় নদীতে বাঁধ, নেতাদের মাছ চাষ’ শিরোনামে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।