এলাকাবাসীর উদ্যোগে থানা ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর পূর্বাঞ্চলে মানুষের নিরাপত্তার জন্য নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে চন্দ্রগঞ্জ থানা। এদিকে থানা ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করার আগেই স্থানীয় লোকজন স্বেচ্ছায় থানা ভবন নির্মাণে এগিয়ে এসেছেন।
সূত্র জানায়, পাঁচতলা থানা ভবনের নিচতলা নির্মাণে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। থানা ভবন নির্মাণকাজ তদারক করছে চন্দ্রগঞ্জ থানা বাস্তবায়ন কমিটি। থানা ভবন নির্মাণে কেউ সিমেন্ট, কেউ ইট-বালু, আবার কেউ টাকা জমা দিচ্ছেন ওই কমিটির কাছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, থানা ভবনের নির্মাণকাজ করছেন ১২ জন নির্মাণশ্রমিক। চন্দ্রগঞ্জ বাজারে পুলিশ তদন্তকেন্দ্রের পাশেই নতুন এ ভবনের কাজ শুরু হয়েছে এক মাস আগে। ইতিমধ্যে এ থানায় ওসি নিয়োগ দেওয়া হয়েছে। চন্দ্রগঞ্জ বাজারে পুলিশ তদন্তকেন্দ্রে থানার কার্যক্রম চলছে।
সম্প্রতি চন্দ্রগঞ্জ থানার অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় লোকজন বলেন, চন্দ্রগঞ্জ থানাধীন নয়টি ইউনিয়ন ছিল সন্ত্রাসকবলিত। ইউনিয়নগুলোতে চুরি-ডাকাতি-চাঁদাবাজি ও খুনের ঘটনায় তাঁরা ছিলেন অতিষ্ঠ। প্রতি ইউনিয়নে গড়ে ওঠে সন্ত্রাসী বাহিনী। এ বাহিনীর নিয়ন্ত্রণে আছেন লক্ষ্মীপুরের একাধিক প্রভাবশালী ব্যক্তি। সন্ত্রাসী বাহিনীর হাতে গত দুই বছরে সদর উপজেলার পূর্বাঞ্চলে কমপক্ষে ৩০ জন নিহত হয়। এ সন্ত্রাসী বাহিনীর সঙ্গে পুলিশের একাধিকবার বন্দুকযুদ্ধও হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল কুদ্দুস বলেন, পূর্বাঞ্চলের সন্ত্রাস দমনের জন্য এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নতুন এ থানা ঘোষণা করা হয়েছে।
নবগঠিত চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর নূর বলেন, চন্দ্রগঞ্জ এলাকা ছিল সন্ত্রাসের জনপদ। তিনি বলেন, থানা ঘোষণার পর সরকারি অনুদান ছাড়াই এলাকাবাসী নতুন থানা ভবন নির্মাণে এগিয়ে এসেছে। এভাবে সমাজের মানুষ এগিয়ে এলে সন্ত্রাস যেমন বন্ধ হবে, তেমনি এলাকার উন্নয়ন সম্ভব হবে। ওসি বলেন, এলাকায় মানুষের নিরাপত্তার জন্য রাত-দিন পুলিশি টহল জোরদার করা হয়েছে।