এলাকাবাসীর চাঁদায় নির্মিত সাঁকোটি এখন ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপারে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা, ওপারে দরবস্ত ইউনিয়ন। মাঝখানে করতোয়া নদী। অথচ নদী পারাপারের কোনো সেতু নেই। তাই এলাকার প্রতিটি পরিবারের কাছ থেকে ২০ কেজি করে ধান নিয়ে নদীর ওপর বাঁশের একটি সাঁকো তৈরি করা হয়। কিন্তু সেটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ এখানে সেতু নির্মাণের দাবি বাস্তবায়িত হচ্ছে না।গোবিন্দগঞ্জ উপজেলা শহর থেকে দুই কিলোমিটার দূরে সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামে নির্মিত সাঁকোয় সরু করে বাঁশের মাচা দেওয়া হয়েছে। কিন্তু দুই পাশে কোনো রেলিং নেই। ছবি তোলার সময় সাঁকো পারাপার হচ্ছিলেন সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামের কৃষক বাবলু মিয়া। তিনি বললেন, ‘নদীর উত্তরে হামাগরে বাড়ি, দখিনে জমিজমা। নাঙ্গল-জোমাল নিয়া সাঁকোত পার হওয়া যায়, কিন্তু হালের গরু সাঁতরে পার করা লাগে। ধানের বোঝা মাতাত করে নিয়া যাইতে কামলা খরচ বেশি হচ্ছে। বরষার দিনত বেশি কষ্ট হয়।’ পার্শ্ববর্তী বিশ্বনাথপুর গ্রামের কৃষক আবদুল গফুর বলেন, ‘ভোটের সমায় এমপি, চেরমেনের ব্যাটারা বিরিজ দিবার চায়া ভোট নেয়, ভোটত হলে তাগরে দেকা পাওয়া যায় না।’রহিমাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদুল ইসলাম জানান, প্রায় ২০ বছর আগে এলাকার মানুষের কাছে বাঁশ ও টাকা চাঁদা নিয়ে ৬০ হাজার টাকায় স্বেচ্ছাশ্রমে সাঁকোটি নির্মাণ করা হয়। তখন থেকে প্রতিবছর ধান কাটার মৌসুমে সাঁকোর আশপাশের এলাকায় প্রতিটি পরিবারের কাছ থেকে ২০ কেজি করে ধান নিয়ে সাঁকোটি মেরামত করা হচ্ছে। একই গ্রামের কলেজছাত্র আজম মিয়া জানান, বর্তমানে লোক চলাচল বেড়ে যাওয়ায় সাঁকোটি দুর্বল হয়ে পড়েছে। পারাপারের সময় দোল খেতে হয়। অনেকে পানিতে পড়েও যাচ্ছে।তালুক রহিমাপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন জানান, দিনে কোনোভাবে পারাপার হওয়া গেলেও রাতে বেশি সমস্যা হচ্ছে। বিশেষ করে, স্কুলের শিশুশিক্ষার্থীরা বেশি বিড়ম্বনায় পড়ছে। সাপমারা ইউপির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, এখানে সেতু হলে উপজেলার সাপমারা, দরবস্ত, কাটাবাড়ী ও তালুককানুপুর ইউনিয়নের প্রায় দুই লাখ লোকের উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের পথ সহজ হবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী আহসানুল কবির প্রথম আলোকে জানান, বিষয়টি তাঁর জানা নেই। এমনকি সাঁকোর স্থলে সেতু নির্মাণের জন্য এলাকাবাসী তাঁকে কখনো জানায়নি। তবে খোঁজ নিয়ে সেতু নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে তিনি জানান।