এলাকাবাসীর চেষ্টায় রক্ষা পেল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে করে নিয়ে যাওয়ার সময় জনতা পাঁচজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল রোববার কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বেতোরা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীটি উপজেলার ভানী ইউনিয়নের ভানী গ্রামে বিদ্যালয়ে যাওয়ার পথে গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে মুকবল হোসেন (২৩) তার পথ রোধ করেন। এ সময় একটি মাইক্রোবাসে করে এসে একই গ্রামের আবদুল আউয়াল (২০), মামুনুর রশীদ (২০), সামসুল আলম (২৩) ছাত্রীটিকে জোরপূর্বক মাইক্রোবাসে তোলেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের বেঞ্চ-টেবিল ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করে। মাইক্রোবাসটি অবরোধ ভেঙে দ্রুত পালিয়ে যেতে থাকে। ওই এলাকার লোকজনের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে প্রায় দুই কিলোমিটার দূরের রাজামেহার ইউনিয়নের বেতোরা গ্রামে স্থানীয় জনতা মাইক্রোবাসসহ অপহরণকারীদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ অর রশীদ সরকার জানান, ছেলেগুলো বখাটে, প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিকতা দেখিয়েছে। থানা হাজতে মাইক্রোবাসের (নং-ঢাকা মেট্রো-চ ১১-৮১৪২) চালক মিজানুর রহমান জানান, ঢাকার একটি হাসপাতালে রোগী নেওয়ার কথা বলে ওই তরুণেরা মাইক্রোবাসটি ভাড়া করে। অপহরণকারীদের হোতা মকবুল হোসেন জানায়, ছাত্রীটিকে অপহরণ করে ঢাকায় নিয়ে তার (মকবুল) এক আত্মীয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্যই এ কাজ করেছে। অভিযুক্ত আউয়াল ও মামুন জানান, তারা এতে সহযোগিতা করতে এসেছিলেন। দেবীদ্বার থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।