এলাকাবাসীর তোপের মুখে সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সদরে কয়েক মাস ধরে প্রশাসনের সহযোগিতায় জুয়া-হাউজির আসর চলছে। এ ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছেন। শুক্রবার রাতে তাঁদের সঙ্গে আয়োজকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন জুয়ার আসর সাময়িক বন্ধ করে দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিৎ রায় বলেন, উচ্চ আদালতের একটি রিট আদেশ নিয়ে আয়োজকেরা কয়েক মাস ধরে জুয়া-হাউজি চালাচ্ছিলেন। এ নিয়ে শুক্রবার স্থানীয় লোকজনের সঙ্গে আয়োজকদের ধাওয়া-পাল্টাধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আদেশের কাগজপত্র নেওয়া হয়েছে। এগুলো যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের কাছে পাঠানো হচ্ছে।
প্রশাসন ও এলাকাবাসী জানান, নন্দীগ্রাম পৌর শহরে প্রায় সাড়ে তিন মাস ধরে ইনডোর গেমসের নামে জুয়া-হাউজি চালানো হচ্ছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাব নামের একটি সংগঠনের উদ্যোগে জুয়া-হাউজি চালাচ্ছিলেন আয়োজকেরা। দুস্থ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের কথা বলে উচ্চ আদালত থেকে একটি রিট আদেশ এনে প্রশাসনের সহযোগিতায় এই জুয়া-হাউজি চলছিল।
নন্দীগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাত নয়টার দিকে এলাকাবাসী মেলায় গিয়ে আয়োজকদের ওপর চড়াও হন। এ সময় আয়োজকেরা বগুড়া শহর থেকে ৩০-৩৫ জন যুবককে ডেকে আনেন। একপর্যায়ে এলাকাবাসী ওই যুবকদের ধাওয়া দেন। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ওই যুবকেরাও পাল্টা ধাওয়া দিলে পুলিশ সেখানে অবস্থান নেন। উদ্ভূত পরিস্থিতিতে ইউএনওর নির্দেশে পুলিশ ইনডোর গেমস সাময়িক বন্ধ করে দেয়।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে দিনভর মাইকে জুয়া-হাউজির প্রচারণা চালানো হয়। রাত নেমে আসার সঙ্গে সঙ্গে উচ্চ শব্দে মাইক বাজিয়ে জুয়া-হাউজির আসর চলে। এলাকাবাসীর ক্ষোভ নিরসনে এটা স্থায়ীভাবে বন্ধ করা দরকার।
আয়োজকদের অন্যতম বগুড়ার ইনছান আলী গতকাল শনিবার সন্ধ্যায় বলেন, ‘আদালতের অনুমতি নিয়েই ইনডোর গেমসে যা যা উল্লেখ আছে, তা-ই চালাচ্ছি, এর বেশি কিছু নয়। ভুল বোঝাবুঝি থেকে স্থানীয়দের সঙ্গে আমাদের বাগিবতণ্ডা হয়। তবে তা মিটমাট হয়ে গেছে।’