এলাকাবাসীর দাবির মুখে বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন
ফেনীর পাঁচ-গাছিয়া বাজার এলাকায় গতকাল রোববার সকালে ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুতের ট্রান্সফরমার পুনঃস্থাপন করা হয়েছে।বিদ্যুতের ট্রান্সফরমারটি এক সপ্তাহ আগে নষ্ট হয়। সাত দিন বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে এবং বিদ্যুতের ট্রান্সফরমার পুনঃস্থাপনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা গত শনিবার বিকেলে ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া বাজার এলাকায় সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করে। এলাকাবাসীর জানায়, গত ১৬ সেপ্টেম্বর ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় পিডিবির স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা নষ্ট হওয়া ট্রান্সফরমারটি মেরামতের জন্য নিয়ে যায় এবং দুই দিন পর আবার একটি ট্রান্সফরমার স্থাপন করে। কিন্তু পুনঃস্থাপিত ট্রান্সফরমারটিও নষ্ট হয়ে গেলে ২০ সেপ্টেম্বর পিডিবির কর্মকর্তারা আবারও সেটি নিয়ে যায়। ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন গতকাল রোববার সকালে পাঁচগাছিয়া বাজার এলাকার ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারটি পুনঃস্থাপনের সত্যতা নিশ্চিত করেছেন।