এলাকাবাসীর বাধায় রক্ষা পেল গাছ
সরকারি জমির ১৩টি গাছ কেটে বিক্রি করার উদ্যোগ নেন এক ব্যক্তি। তিনটি গাছ কেটেও ফেলেন। কিন্তু এলাকাবাসীর বাধায় তিনি আর সেগুলো নিয়ে বিক্রি করতে পারেননি। বাকি গাছগুলোও রক্ষা পেয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর দুই পারে সরকারি জায়গায় কড়ই, মেহগনি, রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির কয়েক শ গাছ আছে। এর মধ্যে বলিদাপাড়া অংশের ১৩টি গাছ গত মঙ্গলবার সকালে স্থানীয় নাসিম উদ্দিন শ্রমিক নিয়োগ করে কাটা শুরু করেন। বেলা ১০-১১টার মধ্যে তাঁর শ্রমিকেরা দুটি গাছ কেটে ফেলেন। অপর একটি গাছ কাটার সময় এলাকার লোকজন বাধা দেন। এ সময় শ্রমিকদের নিয়ে নাসিম উদ্দিন ঘটনাস্থল থেকে চলে যান।
সরেজমিনে দেখা গেছে, দুটি গাছ মাটিতে পড়ে আছে। অর্ধেক কাটা অবস্থায় দাঁড়িয়ে আছে একটি গাছ। এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম অভিযোগ করেন, নদীর মধ্যে থাকা গাছগুলো জোর করে কেটে নিচ্ছেন নাসিম উদ্দিন। গাছগুলো কাটার পর বিক্রি করা হতো। নাসিম উদ্দিন দাবি করেন, নদীর তীরের পাশের জায়গা তাঁদের। নদীর তীরে এই গাছগুলো তাঁরাই লাগিয়েছিলেন। এ কারণে তিনি এগুলো কেটেছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক জানান, গাছ কাটার খবর তিনি পেয়ে সেখানে লোক পাঠিয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।