নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আদি বাসিন্দাদের প্লট বুঝিয়ে না দিয়ে রাজউকের উচ্ছেদের প্রতিবাদে এলাকাবাসী গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জ ইউনিয়নের মাঝিনা এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ সময় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে এলাকাবাসীকে শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়। এ সময় সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গত সোম ও মঙ্গলবার পূর্বাচলে অভিযান চালিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) টিনের কয়েকটি টংঘর উচ্ছেদ করে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রূপগঞ্জ ইউনিয়নের মাঝিনা এলাকায় তিন শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় পুরুষদের হাতে লাঠি ও নারীদের হাতে ঝাড়ু ছিল। পরে তারা রূপগঞ্জের মাঝিপাড়া লালমাটি এলাকায় প্রতিবাদ সভা করে। পূর্বাচল আদিবাসী সংরক্ষণ কমিটির সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিটির নেতা মনিরুল হক, মোস্তফা কামাল, নিজামউদ্দিন, রিটন প্রধান, মজিবুর রহমান, মোনায়েম, আবদুস সামাদ, কাজীমউদ্দিন, রাসেল মিয়া, আকিমউদ্দিন, আলমগীর হোসেন মোল্লা প্রমুখ।সভায় বক্তারা বলেন, জমি ও ঘরবাড়ির ক্ষতিপূরণের বিল প্রদান করা হলেও এখনো বহু আদি বাসিন্দাকে প্লট বরাদ্দ দেওয়া হয়নি। আবার অনেকে বরাদ্দ পেলেও তাদের মধ্যে তা হস্তান্তর করা হয়নি। আকস্মিকভাবে উচ্ছেদ করলে অনেক পরিবারের কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে। তাই আগে প্লট বরাদ্দ ও হস্তান্তর করা হোক। পরে উচ্ছেদ করা হোক। রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম বলেন, প্লট হস্তান্তরের আগে পূর্বাচলের আদি বাসিন্দাদের উচ্ছেদ করা ঠিক হবে না।