চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আমিন জুট মিলের কাছে টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্থানীয় এলাকাবাসী তিন দিন ধরে মিছিল-সমাবেশ করছে। আজ রোববার ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর প্রধান অতিথি থাকার কথা রয়েছে।স্থানীয় সূত্র জানায়, আমিন জুট মিলের ফুটবল খেলার মাঠসংলগ্ন বস্তি এলাকায় এই ইনস্টিটিউট নির্মাণের সিদ্ধান্ত হয়। এ কারণে এলাকার শত শত শ্রমিক পরিবারের উচ্ছেদ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শ্রমিকেরা গতকাল শনিবার বিক্ষোভ-সমাবেশ করেন। এর আগের দুই দিনও তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমিন জুট মিল কলোনির খেলার মাঠসংলগ্ন বস্তিতে প্রায় পাঁচ হাজার পরিবার ৪০ বছর ধরে বসবাস করে আসছে।খাজা নগর বাস্তুহারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, আমিন জুট মিলের শ্রমিকেরা মাঠের পাশে ঘর বানিয়ে বসবাস করে আসছেন। এঁদের অনেকেই নদীভাঙনের শিকার ও ভূমিহীন। এটাই তাঁদের মাথা গোঁজার শেষ আশ্রয়। এখানে ইনস্টিটিউট স্থাপন করা হলে তাঁরা পরিবার-পরিজন নিয়ে ভীষণ বিপদে পড়বেন।