এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দরপত্র আহ্বান করা চতরা-গাংজোয়ার সড়ক পাকা না করে কার্যাদেশ পাওয়া ঠিকাদার অন্য একটি রাস্তা পাকা করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এলাকাবাসী গতকাল সোমবার বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দেন।
এলাকাবাসীর অভিযোগ, জনগুরুত্বপূর্ণ চতরা-গাংজোয়ার রাস্তাটির ৯০০ মিটার অংশ পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১২ সালের ১৯ এপ্রিল দরপত্র আহ্বান করে। ৪০ লাখ ৩৮ হাজার ৯০১ টাকা ব্যয়ে দরপত্রের কার্যাদেশ পায় খান ব্রাদার্স নামের রংপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই রাস্তার বদলে চতরা-ধাপেরহাট সড়কের কামারপাড়ার কাছের একটি সড়ক পাকা করে। ওই রাস্তাটি তেমন প্রশস্ত নয়। দরপত্রের রাস্তা পাকা না করে ওই রাস্তাটি পাকা করে মূল টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, ছয় কিলোমিটার দীর্ঘ চতরা-গাংজোয়ার সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কের আশপাশে রয়েছে দুটি উচ্চবিদ্যালয় এবং চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান।
তবে উপজেলা প্রকৌশলী ফজলুল হক মণ্ডল দাবি করেন, যে সড়কের নামে দরপত্র আহ্বান করা হয়েছে, সেটিই পাকা করা হয়েছে। স্থানীয় সাংসদের অনুরোধে দাতা সংস্থা আইআরআইডিপি প্রকল্পের অধীনে সড়কটি পাকা করা হয়। স্থানীয় লোকজন সড়কটির নাম হয়তো ঠিকমতো জানেন না।
রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী হাসান বলেন, ‘আমরা তো সড়ক পাকা না করে টাকা মেরে খাইনি। সড়কের নামকরণ নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। তবু বিষয়টি দেখা হবে।’
ঠিকাদারি প্রতিষ্ঠান খান ব্রাদার্সের মালিক আবদুল বাতেন বলেন, ‘আমার লাইসেন্সে পীরগঞ্জের পলাশ নামের এক ব্যক্তি কাজটি করেছেন। আমি যত দূর জানি, দরপত্র মোতাবেক তিনি রাস্তাটি পাকা করেছেন।’
ইউএনও রফিকুল হক বলেন, তিনি স্মারকলিপি পেয়েছেন। জেলা প্রশাসকের কাছে তা পাঠিয়ে দেওয়া হবে।