এলাকাবাসীর ভুলে পুড়ল এনজিওর গাড়ি!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে অপহরণকারী সন্দেহে বেসরকারি একটি সংস্থার (এনজিও) গাড়ির চালককে পিটিয়েছে এলাকাবাসী। এ সময় তারা জিপ গাড়িটি পুড়িয়ে দেয়। আহত গাড়িচালক হারুন-উর-রশীদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গাড়িচালক ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাটালিস্ট নামে একটি এনজিওর ব্যবসায় পরামর্শক (বিজনেস কনসালট্যান্ট) ইফ্ফাত মাহমুদ ও ‘লাল তীর কোম্পানির বিক্রয় কর্মকর্তা জহুরুল ইসলাম এলাকার কৃষি উন্নয়নের চিত্র সরেজমিন দেখতে মোকামতলা ইউনিয়নের অভিরামপুর গ্রামে আসেন। তাঁরা গ্রামের বীজ ব্যবসায়ী আবদুল ওয়াহেদের খোঁজ করতে তাঁর বাড়ি যান। এ সময় তিনি মাঠে কাজ করছিলেন। তাঁর কাছে যাওয়ার জন্য তাঁরা ওয়াহেদ আলীর ছয় বছর বয়সী ছেলে আপন রহমানকে সঙ্গে নেন। পথে তাঁরা ঠান্ডা মিয়া নামে এক কৃষকের বাড়িতে ওঠেন। গাড়িতে আপনকে বসে থাকতে দেখে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে বলে এলাকাবাসীর সন্দেহ হয়। মুহূর্তে কয়েক শ মানুষ সমবেত হয়ে চালককে মারধর শুরু করে। এ সময় তারা গাড়িটি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুখলেছার রহমান বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী এখন আফসোস করছে।’