এলাকাবাসীর মৌন মিছিল পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া বাজারের মুঠোফোনের ফ্লেক্সিলোড ও মুদি ব্যবসায়ী স্বপন কুমার সমাদ্দার হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার এলাকার কয়েক হাজার মানুষ মৌন মিছিল করেছে।এদিকে, পুলিশ ফাঁড়ি ঘেরাওয়ের ঘটনায় তিন থেকে চার শতাধিক অজ্ঞাতপরিচয় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে জল্লা ইউনিয়নের কুড়ালিয়া, পানবাড়ী, সাহেবের হাট, কারফা ও বাহেরঘাট বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে কালো ব্যাজ ধারণ করে এলাকাবাসীর সঙ্গে ওই মৌন মিছিলে যোগ দেন। প্রায় চার কিলোমিটার এলাকায় মৌন মিছিল শেষে কুড়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক শোকসভায় বক্তব্য দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ রায়, সুমন সিকদার, নিরোদ জয়ধর প্রমুখ। বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ছাড়া মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তরেরও দাবি জানান তাঁরা।মঙ্গলবার সকালে কুড়ালিয়া বাজারে পুলিশ ফাঁড়ির পাশে স্বপনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বপনের মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে পুলিশ সহযোগিতা করেছে অভিযোগ এনে ক্ষুব্ধ গ্রামবাসী ওই দিন পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে পুলিশ লোকজনের ওপর গুলি চালালে নারী, শিশুসহ নয়জন আহত হয়।