এলাকাবাসীর সঙ্গে মালিকপক্ষের লোকজনের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর সঙ্গে ইটভাটার মালিকপক্ষের লোকজনের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে ইটভাটার মালিকপক্ষের দুজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে আটি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের আটি আবাসিক এলাকায় শাহপরান ব্রিকস নামের একটি ইটভাটার নির্মাণকাজ শুরু করেন জনৈক মনির হোসেন। আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণের প্রতিবাদ জানায় এলাকার লোকজন। তারা ইটভাটা স্থাপন না করতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করে।এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোরশেদ আলম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আক্তারুজ্জামান তদন্তে আসেন। একই সময়ে এলাকাবাসী ইটভাটা নির্মাণের বিরোধিতা করে ভাটার সামনে মানববন্ধন করে। এ সময় মানববন্ধনকারী এলাকার লোকজনকে ইটভাটার মালিক মনির হোসেন, জামাতা জেলা ছাত্রলীগের সহসভাপতি শফিকুল ইসলাম ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে বাধা দেয়। একপর্যায়ে এলাকাবাসীর ওপর তারা হামলা চালায়। এলাকাবাসীও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ্রসাইদ ও রাজু নামে দুজনকে গ্রেপ্তার করে।এলাকাবাসীর অভিযোগ, আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণ করা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় এলাকার লোকজনের মধ্যে নানা রোগবালাই দেখা দেবে। আশপাশের এলাকার ফলদ ও বনজ গাছ মরে যেতে পারে। তাই আবাসিক এলাকায় কোনোভাবেই ইটভাটা নির্মাণ করতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে তারা ইটভাটা নির্মাণ প্রতিহত করবে।অপর দিকে ইটভাটার মালিক মনির হোসেন জানান, ‘আমরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়ে ইটভাটা নির্মাণ করেছি। কিন্তু এলাকার কিছু লোক আমাদের ইটভাটা নির্মাণে বাধা দিচ্ছে।’জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনে এসে জানান, ‘আমরা ইটভাটা নির্মাণে মালিককে চূড়ান্ত ছাড়পত্র দিইনি।’ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোরশেদ আলম জানান, আবাসিক এলাকায় ইটভাটার কার্যক্রম চলতে দেওয়া সম্ভব নয়।ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণের প্রতিবাদে এলাকার লোকজন বাধা দিলে সংঘর্ষে বাধে। এ ঘটনায় ইটভাটার মালিকপক্ষের দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।