রংপুরের মিঠাপুকুর উপজেলার খিয়ারপাড়া গ্রামে গতকাল সোমবার রাবেয়া অ্যান্ড রাইদা ইকোপার্ক মালিকপক্ষের লোকজনের সঙ্গে এলাকাবাসীর দুই দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়েছে। ইকোপার্কের আনসার বাহিনীর গুলিতে আহত ওই দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার খিয়ারপাড়া গ্রামে ইজারা নেওয়ার নামে সরকারি জমিতে ইকোপার্ক নির্মাণ করা হয়। আর এই পার্কের নামে সেখানে মাছ চাষ এবং চারপাশে গাছ রোপণ করে পুরো এলাকা তাদের বলে দাবি করা হয়। সেখানে পুকুর খনন করে বাঁধ দেওয়ায় আশপাশের কয়েকটি গ্রামে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে এলাকাবাসীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, গতকাল সকালে ও দুপুরে এলাকাবাসী জলাবদ্ধতা থেকে রেহাই পাওয়ার জন্য সেখানে নির্মিত বাঁধ কাটতে গেলে ইকোপার্কের লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় ইকোপার্কে নিয়োজিত আনসার বাহিনীর সদস্যরা জনগণের ওপর গুলিবর্ষণ করে। এতে দুজন এলাকাবাসী গুলিবিদ্ধ হন। খিয়ারপাড়া গ্রামের নয়া মিয়ার ছেলে নাজিবুল হক (২৫) ও আলতাফ হোসেনের ছেলে আতাউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মধ্যে আজাহার আলী (৩০), নাছিম উদ্দিন (৩৫), সাহেব আলী (৩৪), জেহাদ (২৮), এখলাছ (৩৭), হাসমত (২৮), শাহীন (৪০), আজিজ (২৯), রহিম (২৮), এজাজুলকে (৩৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । অন্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, জোট সরকার ক্ষমতায় থাকাকালে খাসজমি অবৈধভাবে দখল করে সেখানে ইকোপার্ক নির্মাণের নামে পুকুর খনন করে বাঁধ দেওয়ায় আশপাশের এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ কোনো ফসল উৎপাদন করতে পারছে না। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে তাদের ওপর গুলিবর্ষণ করার ঘটনা দুঃখজনক। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি দাবি জানান। রাবেতা অ্যান্ড রাইদা প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক ফজলুল হক বলেন, ‘গ্রামবাসীরা তাদের ওপর আক্রমণ করায় নিরাপত্তারক্ষীর দায়িত্বে নিয়োজিত আনসাররা গুলি চালিয়েছে।’ এর বেশি তিনি আর কোনো মন্তব্য করেননি। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, দুজন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছিলেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যেকোনো সময় পরিস্থিতি আবার ঘোলা হতে পারে। তাই পুলিশের কড়া নজরদারি রয়েছে।