বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের একটি দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ফোন করে উত্ত্যক্ত করা হয়েছে, এমন অভিযোগ এনে ওই দোকানির সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। তখন মোস্তাক ও লিমন নামের দুই বহিরাগত তরুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একসময় তাঁরা মারধরের প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। অন্যদিকে, ওই দুই তরুণ এলাকার অর্ধশতাধিক তরুণকে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করেন। শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, পুলিশ ৫২টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলা-ভাঙচুরসহ পুরো ঘটনা পুলিশ তদন্ত করছে।
তদন্ত কমিটি গঠন
সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আখতারুল ইসলামে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জহির উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ্ উদ্দিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সামিনা বেগম।