এলাকাবাসীর হামলায় ফায়ার সার্ভিসের নয় কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন লাগার পর দেরিতে পৌঁছানোর অজুহাতে এলাকাবাসী ফায়ার সার্ভিসের নয়জন কর্মীকে পিটিয়ে আহত করেছে। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নাটোর সদর উপজেলার কামারদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।নাটোর ফায়ার সার্ভিস কার্যালয় থেকে জানা গেছে, ওই গ্রামের একটি বাড়িতে মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন লাঠি ও রড দিয়ে পিটিয়ে তাঁদের আহত করে। এতে নয়জন আহত হন। তার পরও অন্য কর্মীরা ওই বাড়ির আগুন নিয়ন্ত্রণ আনেন। প্রত্যক্ষদর্শী ফায়ার সার্ভিসের কর্মী আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। দেরিতে যাওয়ার অজুহাতে আমাদের বেধড়ক পেটানো হয়েছে। এর পরও আমরা আহত অবস্থায় আগুন নেভানোর কাজ করেছি।’গতকাল বুধবার দুপুরে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ বলেন, এ ব্যাপারে সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।