এলাকাভিত্তিক ভালো স্কুল করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে হাঁটার পরিবেশ উন্নয়ন এবং এলাকাভিত্তিক ভালো স্কুল করার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং বেসরকারি সংস্থা ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার্থীদের নিরাপদ ও স্বচ্ছন্দে হেঁটে বিদ্যালয়ে যাতায়াতের পরিবেশ সৃষ্টিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার বক্তারা এই তাগিদ দেন।
গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধে ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহকারী পরামর্শক কর্মকর্তা নাঈমা আকতার বলেন, রাজধানীর রায়েরবাজার এবং মনসুরাবাদ এলাকায় ৬টি স্কুলে জরিপ চালিয়ে দেখা যায়, ৯৫ শতাংশ শিক্ষার্থী হেঁটে যাতায়াত করে। অন্যদিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি স্কুলে জরিপ চালিয়ে দেখা যায়, ৭১ দশিমক ৭ শতাংশ শিক্ষার্থী ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান বলেন, হেঁটে যাতায়াতের মাধ্যমে সামাজিক মেলামেশার সুযোগ বাড়বে এবং পরস্পরের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে। এতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে।
সভার প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন, কেবল সরকার নয়, শিশুদের হেঁটে বিদ্যালয়ে যাতায়াতে উৎসাহিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে। বিজ্ঞপ্তি