নীলফামারীর রামগঞ্জ বাজারে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলাটি ছিল পরিকল্পিত। জামায়াত -শিবির বিভিন্ন এলাকা থেকে তাদের সশস্ত্র কর্মীদের জড়ো করে এই বর্বরোচিত হামলা চালায়। এতে পাঁচজন নিহত ও শতাধিক লোক আহত হন।
এলাকার বাসিন্দারা জানান, শনিবারের ওই হামলার সময় এলাকার বাইরের অনেক অচেনা মুখ দেখা গেছে। এ ঘটনায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের দুজনই পাশের উপজেলা থেকে আসা। তাঁরা হলেন সৈয়দপুর উপজেলা শহরের মিস্ত্রিপাড়ার আবদুল ওয়াহেদ (৩২), সৈয়দপুরের নিয়ামতপুরের মকলেছুর রহমান (৪২) ও জেলা সদরের টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের হাসান আলী মিঞা (৬৫)। তিনজনই জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী।
প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি জানান, মকলেছুর সৈয়দপুর উপজেলা জামায়াতের রোকন এবং ওয়াহেদ জামায়াত পরিচালিত আল ফারুক একাডেমির শিক্ষক।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ প্রথম আলোকে বলেন, তাঁরা খবর পেয়েছেন যে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তারা সংগঠিত হয়ে এখানে এসে হামলা করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় জামায়াত-শিবিরের ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় হাজার ব্যক্তিকে আসামি করে শনিবার রাতেই মামলা করেছে পুলিশ। ওই রাতে বিজিবি, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
আহতদের অবস্থা: আহত ব্যক্তিদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন নীলফামারী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদুল ইসলাম (৬০) ও মীরগঞ্জ এলাকার লিমন (২৫)।
শহিদুল ইসলামের এক পায়ের রগ কেটে দিয়েছে হামলাকারীরা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। লিমনের মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ছাড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন, কলেজপাড়ার রুহুল আমিন, দিঘলডাঙ্গীর হাবিবুর রহমান, বাইশপুকুরের বক্কর, ডোমারের হান্নান, বারেক ভরসা, শুকানপুকুর এলাকার জাহেদুল, বালাপাড়ার জ্যোতিষ ও শান্তিনগর এলাকার মানিক চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের উপপরিচালক গোলাম মোস্তফা জানান, আহত ব্যক্তিদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০ জন। তাঁরা সবাই আওয়ামী ও এর সহযোগী সংগঠনের সদস্য।
গতকাল রোববার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও রামগঞ্জ বাজারের পরিস্থিতি ছিল থমথমে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। জ্বালিয়ে দেওয়া ৩৫টি মোটরসাইকেলের খোলস রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।
আসাদুজ্জামান নূর এ ঘটনাকে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করে বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর নীলফামারীর পলাশবাড়ী ও লক্ষ্মীচাপে জামায়াত-শিবির হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত নির্যাতন চালায়। আগুনে পুড়িয়ে দেয় ঘরবাড়ি, হাটবাজার। তাদের নির্যাতনে নারীরা বাড়িতে রাত্রিযাপন করতে পারছেন না। সাংবাদিকদের তিনি বলেন, শনিবারের ঘটনায় টুপামারী ইউনিয়নের কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ শাহ, ছাত্রলীগের কর্মী মুরাদ শাহ ও আওয়ামী লীগের কর্মী লেবু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে জামায়াত-শিবির। নিহত অপর ব্যক্তি আবু বক্কর সিদ্দিক লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের সরমুদ্দিন মাহমুদের ছেলে। তিনি পেশায় বাঁশ বিক্রেতা। তিনি জামায়াত বা বিএনপির কর্মী নন। পুলিশের কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় পুলিশের গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসাদুজ্জামান নূর বলেন, পলাশবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলী প্রামাণিক ও তাঁর চাচাকে জামায়াত-শিবির প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে। এসব ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে। তিনি মনে করেন, প্রশাসন শৈথিল্য দেখিয়েছে। তারা আরও সতর্ক হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না।
জানাজা: নিহত চার নেতা-কর্মীর জানাজা গতকাল রাত সাড়ে সাতটায় নীলফামারী শহরে দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা সঞ্চৃতি অম্লান চত্বরে অনুষ্ঠিত হয়। আসাদুজ্জামান নূর, সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ দলীয় নেতা-কর্মী ও স্থানীয় মানুষ এতে অংশ নেন। টুপামারী গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে রাতেই পারিবারিক কবরস্থানে তাঁদের দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।