এলাকার মানুষকে চমকে দিলেন ‘অলৌকিকভাবে’ বাঁচা শামীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পয়লা তো ওরই মরণের কথা আছিল। অহন তো ওরে দেইখ্যা মহল্লার হক্কলে টাসকি খাইয়া গেচে গা। ওর দোকানের লগে কেমিক্যালের গুদাম। রাস্তার উল্টা পাশের দোকানও পুইড়া ছাই অইয়া গেছে। ওরে খুঁইজা না পাইয়া আমরা কইছি শামীম মইরা কয়লা অইছে। অয় বাঁচল ক্যামনে?’চা-দোকানের মালিক মোহাম্মদ শামীমের একরকম অলৌকিকভাবে বেঁচে যাওয়া নিয়ে এভাবেই বিস্ময় প্রকাশ করেন তাঁর প্রতিবেশী ৪৪ নম্বর নবাব কাটরার বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন আরেফিন। নিমতলীর ৩ জুনের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৪৩ নম্বর ভবনের নিচের গুদামের পাশেই ছোট্ট চায়ের দোকান তাঁর।এই বিস্ময় শুধু আরেফিনের একার নয়, এলাকার সবারই। পাশের ভবনেই আরেফিনের বাবা আবুল কালাম, মা মুনিরা বেগম এবং বোন নিপা ও মমতা মারা গেছেন। আর ৪৩ নম্বর ভবন থেকে ঘটনার রাতেই ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।প্রথম আলোকে শামীম গতকাল রোববার জানান, আগুন লাগার ঠিক আগে আগে ধোঁয়া দেখে সন্দেহ হয় তাঁর। তারপর বিপদের আশঙ্কায় চিৎকার দিয়ে অন্যদেরও সাবধান করে তিনি দৌড় দেন। এতেই বেঁচে যান তিনি।শামীমের বড় ভাই মিন্টু বলেন, গত শুক্রবার প্রকাশ্যে এসেছেন। গতকাল দুপুরে নবাব কাটরা পঞ্চায়েত কার্যালয়ে শামীম প্রথম আলোর এই প্রতিবেদকের কাছে আগুন লাগার ঘটনা শুরুর বর্ণনা দেন।শামীম জানান, বিয়ের রান্না হচ্ছিল বাসার গেটের মধ্যেই। আর বাসার গেটের একদিকে গুদামের সঙ্গেই তাঁর চায়ের দোকান। দোকান থেকে চার-পাঁচ হাত দূরে লাকড়ি ও গ্যাসের লাইন টেনে রান্না হচ্ছিল। সন্ধ্যার পর রান্না শেষ হয়।অগ্নিকাণ্ড শুরুর বর্ণনা দিতে গিয়ে শামীম বলেন, ‘নয়টা তহনো বাজে নাই। দেখি, ঘরের মধ্যে থেইক্যা খালি সাদা ধুমা বাইর হয়। ধুমায় দম বন্ধ হইয়া যায়। গরম লাগতাছিল। তহন পোলারে তাড়াতাড়ি বাইর কইরাই দোকান ফেলাইয়া দৌড় দিছি। চিৎকার কইরা কইছি, “সবাই পলাইয়া যাও”। ওই সময় যে কয়জন দৌড়াইছে, তারাই খালি বাঁচছে।’