এলাকায় অপরিচিত লোক অনুষ্ঠান কমিয়ে এক দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননন্দিত লেখক হ‌ুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় লেখকের নিজ গ্রামে পূর্বনির্ধারিত অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। কদিন আগে এলাকায় দুই অপরিচিত লোকের সন্দেহজনক ঘোরাফেরার পরিপ্রেক্ষিতে আতঙ্কের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবছর দুদিনব্যাপী অনুষ্ঠান করা হলেও এবার হবে এক দিন; থাকছে না মুক্ত আলোচনা সভা, স্থিরচিত্র, নাটক, সিনেমা বড় পর্দায় প্রদর্শনসহ বড় কোনো আয়োজন। এ ছাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি কাল মঙ্গলবার অনুষ্ঠানস্থলে পুলিশের বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেখকের নিজ গ্রাম উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুরে এলাকাবাসী ও লেখকের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ কর্তৃপক্ষ যৌথভাবে প্রতিবছর দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু ১০ জুলাই রোববার সন্ধ্যার পর মধ্যবয়সী দুই অপরিচিত ব্যক্তি কুতুবপুরে আসেন। এ সময় তাঁরা স্থানীয় কয়েকজনের কাছে প্রয়াত লেখক হ‌ুমায়ূন আহমেদ নামাজ পড়তেন কি না, তিনি মসজিদে কোনো দান-খয়রাত করেছেন কি না ইত্যাদি বিষয়ে জানতে চান।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠ সূত্রে জানা গেছে, একপর্যায়ে ওই দুই ব্যক্তি বিদ্যালয় ঘুরে দেখেন ও বিদ্যাপীঠ থেকে এক কিলোমিটার দূরে বঙ্গবাজারে অবস্থিত শিক্ষকদের একটি বসার ঘরে গিয়ে প্রধান শিক্ষকের খোঁজ করেন। এর পরপরই তাঁরা এলাকা ছেড়ে চলে যান। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়। ১৩ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান কেন্দুয়া থানায় একটি জিডি করেন।

বিদ্যালয়ের শিক্ষক মো. আল আমিন বলেন, অপরিচিত ওই দুই ব্যক্তির মধ্যে একজনের দুই হাতে শিকল প্যাঁচানো ছিল। তাঁর পরনে লুঙ্গি ও জামা ছিল। অপরজনের ছিল পরনে প্যান্ট ও টি-শার্ট।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান গতকাল রোববার দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করে এবারের অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত নিরাপত্তা চান। পরে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অপরিচিত ব্যক্তিরা এলাকায় এসে হ‌ুমায়ূন স্যার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করায় এবং তাঁদের আচরণ রহস্যজনক মনে হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন। এলাকায়ও একধরনের আতঙ্ক বিরাজ করছে। তাই স্যারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান দুই দিনের পরিবর্তে এক দিনে কমিয়ে আনা হয়েছে। আতঙ্কের কারণে পুলিশ প্রশাসনের কাছেও পর্যাপ্ত নিরাপত্তা চাওয়া হয়েছে।’

জানতে চাইলে কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, আতঙ্কের কোনো কারণ নেই। অনুষ্ঠানের দিন সকাল থেকেই শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। থানা-পুলিশের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এলাকায় অবস্থান করবেন। তা ছাড়া, নিরাপত্তার স্বার্থে অপরিচিত ও সন্দেহজনক কাউকে অনুষ্ঠানস্থলে ঢুকতে দেওয়া হবে না।