এলাকায় উন্নয়নের ছাপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র
মিরপুর ১৪ নম্বর সেকশন মোড় থেকে ভাষানটেক বাজার পর্যন্ত দুই পাশের সড়ক ও ফুটপাতের ওপর গড়ে উঠেছে দোকানপাট, বাজার। ফুটপাত না থাকায় পথচারীরা হাঁটছে মূল সড়ক ধরে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
মিরপুর ১৪ নম্বর সেকশন মোড় থেকে ভাষানটেক বাজার পর্যন্ত দুই পাশের সড়ক ও ফুটপাতের ওপর গড়ে উঠেছে দোকানপাট, বাজার। ফুটপাত না থাকায় পথচারীরা হাঁটছে মূল সড়ক ধরে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

সিটি করপোরেশন নির্বাচনের প্রায় দুই বছর পেরোলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সড়কগুলো খানাখন্দে ভরা। ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। সড়কে বসেছে বাজার। মশার উৎপাতে অতিষ্ঠ ওয়ার্ডের বাসিন্দারা। আছে গ্যাসের সমস্যা।
ভাষানটেক, ধামালকোট, মাটিকাটা, মানিকদী, বালুঘাট, লালসরাই, বাইগারটেক ও আলবদীরটেক এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটির ১৫ নম্বর ওয়ার্ডটি গঠিত। দেড় লক্ষাধিক লোকের বসবাস এই ওয়ার্ডে। গতকাল রোববার এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বেশির ভাগ সড়কই ভাঙাচোরা। গর্তে ভরা। বাসিন্দারা অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে কাউন্সিলর সড়ক সংস্কার ও নালা নির্মাণের ঘোষণা দিলেও গত দুই বছরে অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
পূর্ব ভাষানটেকের বাগানবাড়ি সড়কটির অবস্থা একেবারেই বেহাল। গতকাল দেখা যায়, বৃষ্টি ছাড়াই নোংরা পানিতে পুরো সড়ক সয়লাব হয়ে আছে। সড়কের বড় গর্তে যানবাহন পড়ে যাতে দুর্ঘটনা না ঘটে, সে জন্য এলাকার লোকজন বাঁশে লাল কাপড় বেঁধে গর্ত চিহ্নিত করেছেন।
সড়কে ইজিবাইক বা অটোরিকশা বেশি চলে। গর্ত দেখে দেখে ধীরে চলতে হচ্ছে অটোরিকশাগুলোকে। সড়কের বাঁ পাশে গর্ত বেশি। ফলে দুই লেনের যানবাহন ডান দিক দিয়ে চলায় যানজট লেগে যাচ্ছে। হাঁটার সুবিধার জন্য ফেলা হয়েছে ইট, সুরকি। পিচ উঠে গেছে বহু আগেই।
সড়কের পাশের দোকানদার আতাউর রহমান বলেন, এই রাস্তাটা বহুদিন ধরে এমন ভাঙা। ময়লা পানি জমে থাকে। মাঝেমধ্যে গাড়ি উল্টে যায়। সকালে ভাঙা রাস্তায় যানজট লেগে যায়। এই রাস্তা জরুরি ভিত্তিতে ঠিক করা দরকার।
এই ওয়ার্ডের ইসিবি চত্বর থেকে মানিকদী, বালুঘাট হয়ে বাউনিয়া বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী। ভাঙাচোরা, এবড়োখেবড়ো সড়ক দেখে বোঝার উপায় নেই শেষ কবে পিচঢালাই হয়েছিল। ইসিবি চত্বর দিয়ে মানিকদী সড়কে প্রবেশ করতেই ভাঙা অংশ শুরু। মানিকদী আদর্শ বিদ্যানিকেতন, মানিকদী বাজার, বালুঘাট বাজার, বাইগারটেক, কালীবাড়ি মোড়—সবখানেই সড়ক বেহাল। এই সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। পানি নিষ্কাশনের পাইপ বসানোর কাজ শুরু হয়েছে।
সড়ক ও ফুটপাত দখল
মিরপুর ১৪ নম্বর সেকশন মোড় থেকে ভাষানটেক বাজার পর্যন্ত দুই পাশের সড়ক ও ফুটপাতের বেশির ভাগই ব্যবসায়ীদের দখলে। সড়কের ওপর গড়ে উঠেছে দোকানপাট, বাজার। ফুটপাত না থাকায় এলাকাবাসী ও পথচারীদের মূল সড়কে নেমে হাঁটতে হচ্ছে। দ্রুতগতির কোনো গাড়ি এলে দোকান কিংবা গ্যারেজের ভেতরে ঠাঁই নিতে হয় পথচারীদের।
গতকাল দেখা যায়, মিরপুর ১৪ নম্বর থেকে ভাষানটেক বাজার পর্যন্ত প্রায় ১০০ ফুট প্রশস্ত সড়কের উভয় পাশেই সহস্রাধিক দোকান। এতে সড়কের অধিকাংশ দখল হয়ে গেছে। ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের উল্টো পাশে ফুটপাতের ওপর গড়ে উঠেছে কাঁচাবাজার। সৈকত প্লাজা নামের একটি বিপণিবিতানের সামনে গড়ে ওঠা এই কাঁচাবাজারটি কয়েক শ ফুট জায়গা নিয়ে বসে।
ভাষানটেক এলাকায় রাস্তার দুপাশে আছে ঢাকা ডেন্টাল কলেজ, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল ও হাসপাতাল, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাডেমিসহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান। সড়ক ও ফুটপাতে হাঁটার উপায় না থাকায় এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের বিড়ম্বনায় পড়তে হয়।
ধামালকোট এলাকার বাসিন্দা আক্কাস আলী বলেন, ফুটপাত আছে ঠিকই, কিন্তু হাঁটার জো নেই। পাশ দিয়ে গাড়ি গেলে মনে হয় এখনই ধাক্কা লাগবে। নির্বাচনের আগে কাউন্সিলর বলেছিলেন সড়কে দোকান থাকবে না। কিন্তু যে অবস্থা তা-ই।
বস্তির উন্নয়ন নেই
ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডে বেশ কিছু বস্তি রয়েছে। ওয়ার্ডে নিম্ন আয়ের লোকজনের সংখ্যাই বেশি। নির্বাচনের আগে কাউন্সিলর প্রার্থীরা বস্তির বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেও অবস্থার পরিবর্তন হয়নি। ভাষানটেকের ধামালকোট এলাকার সোবহান রোড ১ ও ২ নম্বর বস্তি, সৌখিন রোড বস্তির অন্তত ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সিটি করপোরেশন নির্বাচনের প্রায় দুই বছর হতে চললেও তাঁদের অবস্থার কোনো উন্নয়ন হয়নি।
বাসিন্দারা বলেন, এই বস্তিগুলোর বিদ্যুৎ সংযোগের বেশির ভাগই অবৈধ। পানির কিছু বৈধ সংযোগ থাকলেও অধিকাংশ অবৈধ। বস্তিতে নেই গ্যাসের সংযোগ, সামান্য বৃষ্টিতেই বস্তির সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেন, মশার উৎপাতে তাঁরা অতিষ্ঠ। বস্তি থেকে শুরু করে আবাসিক ভবন—সবখানেই মশার যন্ত্রণা। ওয়ার্ডের আলবদীরটেক ও বাইগারটেক এলাকায় রয়েছে গ্যাসের সমস্যা।