ফার্মগেটে সড়ক দেবে যাওয়ার ঘটনায় বিচ্ছিন্ন হওয়া পানির সংযোগ এখনো মেরামত করতে পারেনি ওয়াসা কর্তৃপক্ষ। ফলে জাহানারা গার্ডেন আবাসিক এলাকায় ব্যবহার্য পানির সংকট তৈরি হয়েছে। কবে নাগাদ সংযোগটি মেরামত করা যাবে, সে বিষয়টিও নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত সোমবার সকালে ফার্মগেটের জাহানারা গার্ডেন আবাসিক এলাকার রাস্তাটির একাংশ একটি নির্মাণাধীন ভবনের পাশ ঘেঁষে দেবে যায়। এ ঘটনায় সড়ক ও সুয়ারেজ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ওয়াসার পানির সংযোগটিও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ওয়াসার কর্মকর্তারা জানান, বিচ্ছিন্ন হওয়া পাইপের এক পাশের (মূল লাইনের দিকের) মুখ পাওয়া গেছে। কিন্তু আবাসিক এলাকা অংশের পাইপের মুখটি এখনো খুঁজে পাওয়া যায়নি। পয়োনিষ্কাশনের পানি জমে আছে জায়গাটিতে। ফলে সেই অংশের মুখ খুঁজে বের করা সম্ভব হচ্ছে না।
ঢাকা ওয়াসার উপসহকারী প্রকৌশলী বাকির আশরাফি প্রথম আলোকে বলেন, পাইপটির মূল অংশের দিকের চাবি ভেঙে গিয়েছিল। পরে সেখানে এনক্যাপ লাগিয়ে পানির প্রবাহ বন্ধ করা হয়েছে। লাইন মেরামতের জন্য প্রয়োজনীয় সব জিনিস প্রস্তুত জানিয়ে তিনি বলেন, আরেক পাশের মুখটি পাওয়া গেলেই সংযোগ দেওয়া হবে। তবে কত সময় লাগতে পারে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
সকালে গাড়িতে করে পানি আনার ব্যবস্থা করেছিল ওয়াসা কর্তৃপক্ষ। তবে রাস্তা ভাঙা থাকায় গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। ছোট গাড়িতে একবার পানি দেওয়া হয়েছে। তাই এলাকাবাসীর অনেকেই পরে গ্রিনরোডে দাঁড়ানো গাড়ি থেকে বোতলে করে পানি সংগ্রহ করেন।
আগের দিন রাস্তার দেবে যাওয়া অংশে বালুর বস্তা ফেলে ভরাট করেছিল নির্মাতা প্রতিষ্ঠান আকাঙ্ক্ষা ডেভেলপার লিমিটেড। ফলে গতকাল সকালে যাতায়াতের উপযোগী থাকায় আবাসিক এলাকার অনেকেই ব্যক্তিগত গাড়ি বের করতে পেরেছেন। কিন্তু বিকেলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় সোসাইটির কর্তৃপক্ষ। ফলে বাসিন্দাদের অনেকেই তাঁদের গাড়ি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পাশে এরএইচ হোম সেন্টারে পার্কিং করেছেন বলে জানা যায়।