এলাকায় নেই দুই প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা আছি সহিংসতা নিয়ে। কখন কী হয়, তা নিয়ে ভাবছি। আদৌ এখানে নির্বাচন হবে কি না, বুঝতে পারছি না। উত্তাপ দূরে থাক, প্রার্থীদেরও দেখা নেই।’ নির্বাচন নিয়ে সাতকানিয়ার অটোরিকশাচালক সেলিমের মন্তব্য এটি।
স্থানীয় লোকজন বলেন, সাতকানিয়ায় ধারাবাহিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জনমনে এখনো আতঙ্ক কাটেনি। সরকারি দলের অনেক নেতা-কর্মী জামায়াত-শিবিরের হামলার ভয়ে এলাকাছাড়া। এমন আতঙ্কজনক অবস্থায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থীদেরও এলাকায় দেখা মিলছে না। তাঁদের কোনো প্রচারণাও চোখে পড়ছে না।
জানা যায়, নির্বাচন প্রতিরোধে জামায়াত কমিটি গঠন করেছে। তবে কমিটিতে কারা কারা আছেন, তা জামায়াত বাইরের কাউকে জানায়নি। এই কমিটি নিয়ে চিন্তিত প্রশাসন ও সরকারি দল। আওয়ামী লীগ সূত্র জানায়, এই পরিস্থিতিতে প্রতিদিন প্রচারণা চালিয়ে যাওয়া নিরাপদ মনে করা হচ্ছে না।
এএসপি এ কে এম এমরান ভুঞা বলেন, ‘জামায়াত তো প্রকাশ্যে কিছু করে না। একটি প্রতিরোধ কমিটি করেছে বলে শোনা যাচ্ছে। গোয়েন্দা সংস্থা নাম বের করার চেষ্টা করছে। আর এখন তেমন প্রচারণাও নেই। ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থী কিছুটা প্রচারণা চালিয়েছেন। অন্য প্রার্থীর প্রচারণা দেখিনি।’
জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ১৬ ডিসেম্বর উপজেলা সদরে ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে একটি মহড়া দেন। এরপর আর তেমন তৎপরতা দেখা যায়নি। তিনি চট্টগ্রাম নগরে থাকেন। গত শুক্রবার নগরের মুসলিম হলে তিনি এলাকার নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। ছুটির দিন অথবা শুক্রবারে এলাকায় গিয়ে প্রচারণা চালান বলে তাঁর দাবি।
আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি প্রচারণা শুরু করেছি। সামনে আরও বেশি প্রচারণা হবে।’
শুক্রবার সাতকানিয়া ঘুরে কোথাও কোনো প্রার্থীর গণসংযোগ দেখা যায়নি। কোথাও পোস্টারও চোখে পড়েনি। ওই দিন এই আসনের অন্য প্রার্থী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী জয়নাল আবেদিন কাদেরিও এলাকায় গণসংযোগ করেছেন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি শুক্রবার গিয়ে চুনতিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছি। সব এলাকার নামও মনে নেই। এখন শহরে আছি। সামনে আবার যাব। আমার পোস্টারও এতক্ষণে উঠে যাওয়ার কথা। প্রচারণা চালাতে গিয়ে এখন পর্যন্ত কোনো হুমকি দেখিনি।’
এদিকে নির্বাচন ঘিরে সামনে সহিংসতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। এ জন্য আগে থেকে প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশন ও পুলিশ। চট্টগ্রাম-১৫ আসনে মোট ১৩৮টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। এ জন্য বাড়তি নিরাপত্তার ছক আঁকছে পুলিশ।