রাজশাহীর পবা উপজেলায় দুই কিশোরকে নির্যাতনের প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় তাঁরা রাজশাহী-তানোর সড়ক অবরোধ করে।
পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্ত সেনা ও র্যা ব সদস্যকে গ্রেপ্তারের অনুমতি ও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে প্রতিবেদন প্রস্তুত করেছে। আজ সেটি জমা দেওয়া হবে।
এদিকে, নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তিন স্কুলছাত্রকে বেঁধে নির্যাতনের ঘটনা সম্পর্কে জানতে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) গতকাল দুপুরে ঘটনাস্থল মাকুপাড়া বাজার পরিদর্শন করেছেন।
মুঠোফোন চুরির অভিযোগে গত শুক্রবার পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের একটি বাড়িতে স্থানীয় বাগসারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদ হাসান ও ইমন আলীকে হাত-পা বেঁধে প্রায় ছয় ঘণ্টা ধরে নির্যাতন করা হয়। পাশাপাশি তাদের স্বীকারোক্তির বক্তব্য রেকর্ড করার জন্য নির্যাতনের ওই দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করা হয়। এ ঘটনায় শনিবার রাতে বাগসারা গ্রামের জাহিদ হাসানের বাবা বাদী হয়ে বগুড়া সেনানিবাসে কর্মরত সেনাসদস্য নাসির উদ্দিন, র্যা বের সদস্য (পুলিশ কনস্টেবল) সাগরসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন। ওই দিন আজিজুল নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, ওই সেনা ও র্যা ব সদস্য ছুটিতে বাড়ি এসেছিলেন।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চৌবাড়িয়া গ্রামবাসী এলাকার করমজা মোড়ে মানববন্ধন করে। এতে বাগসারা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। দুই কিলোমিটার দূরে দুয়ারি মোড়ে গিয়ে গ্রামবাসী রাজশাহী-তানোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় এক ঘণ্টা তারা সেখানে অবস্থান করে। গ্রামবাসী নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানায়।
শুক্রবার নির্যাতনের শিকার হওয়ার পর থেকে নিখোঁজ ছিল কিশোর ইমন আলী। গত রোববার রাতে সন্ধান পাওয়ার পর তাকে পবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হক চৌধুরী বলেন, জাহিদ ও ইমনের শারীরিক অবস্থার উন্নতি হলেও তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। মানসিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য চিকিৎসার পাশাপাশি তাদের কাউন্সেলিং করার জন্য চিকিৎসক ও নার্সদের নির্দেশ দেওয়া হয়েছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আসামি সেনাসদস্য নাসির ও র্যা ব সদস্য সাগরকে গ্রেপ্তারের অনুমতি ও তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার জন্য প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ মঙ্গলবার নির্যাতনের ভিডিওসহ ওই প্রতিবেদনটি পাঠানো হবে। সব আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান তিনি।
বাগাতিপাড়ায় ডিসি-এসপি: থানা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলার জন্য জেলা প্রশাসক খলিলুর রহমান ও এসপি শ্যামল কুমার মুখার্জি গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা নির্যাতনের শিকার হওয়া এক শিশু রুমন আলী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
গত শুক্রবার উপজেলার মাকুপাড়া স্কুলমাঠে সালিসে শত শত মানুষের সামনে তিন স্কুলছাত্রকে পিছমোড়া করে বেঁধে বেধড়ক পিটিয়ে জখম করা হয়। চুরির পরিকল্পনা করেছিল, এমন সন্দেহে মারধর করার পর তাদের দিনমজুর বাবাদের কাছ থেকে আট হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। শনিবার নির্যাতিত শিশু ফিরোজের বাবা বাদী হয়ে মাকুপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই দিনই ইমাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। রোববার অন্য তিন আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন না দিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাগাতিপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই নির্যাতনের ঘটনায় কারাগারে থাকা চার আসামির জামিনের জন্য গতকাল সকালে তাঁদের আইনজীবী আবেদন করেন। শুনানি শেষে আদালত ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। মামলার অন্য আসামি ও মাকুপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পিয়ার উদ্দিন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।