ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্প শুরুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক আশীষ খারে ২১ মে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি চুয়েটের সঙ্গে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা প্রকল্প শুরু করার ব্যাপারে আগ্রহের কথা জানান। এতে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম সম্মতি দেন। এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম জানান, আগামী ছয় মাসের মধ্যে এ যৌথ গবেষণার কাজ শুরু হবে। চুয়েট উপাচার্যের কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত বৈঠকে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মোহাম্মদ রফিকুল আলম, কম্পিউটার কৌশল বিভাগের প্রধান মুহাম্মাদ ইব্রাহিম খান এবং কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষক কৌশিক দেব।