এলিফ্যান্ট রোডে গ্রেনেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালে রিকশার আসনের নিচ থেকে একটি ‘গ্রেনেড’ উদ্ধার করেছে পুলিশ। ওই রিকশার চালক বশির মিয়াকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে তিনটার দিকে সায়েন্স ল্যাবরেটরি থেকে কাঁটাবনের দিকে বালুর বস্তা নিয়ে একটি রিকশা যাচ্ছিল। বাটা সিগন্যাল মোড়ে রিকশাটি থামিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে গ্রেনেডটি উদ্ধার করে বলে জানায়। পরে ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দল গিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি গ্রেনেড। এর ধ্বংসাত্মক ক্ষমতা কেমন, তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে। এর আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি এ ধরনের গ্রেনেড ব্যবহার ও তৈরি করত। গ্রেনেডটির উৎস জানতে রিকশাচালককে জিজ্ঞাসাবাদ করা হবে।রিকশাচালক বশির মিয়া পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের বলেন, তাঁর রিকশায় কী করে গ্রেনেড এল, তা তিনি জানেন না। সকালে মোহাম্মদপুরের গ্যারেজ থেকে রিকশা নিয়ে তিনি বের হন বলে জানান। বিকেলে বশিরকে নিউমার্কেট থানায় নেওয়া হয়। এ বিষয়ে রাতে নিউমার্কেট থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছিল। বশিরের গ্রামের বাড়ি বরগুনার আমতলী এলাকায়।