রাজধানীতে জামায়াত-শিবিরের মিছিল, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাটা সিগন্যালে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করা হয়। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর বাটা সিগন্যালে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করা হয়। ছবি: সাজিদ হোসেন

রাজধানীর এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরির মোড়, বনানী ও ফার্মগেটের তেজগাঁও কলেজের সামনে আজ বুধবার ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। কয়েকটি স্থানে তাঁরা ভাঙচুর চালান। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামায়াতে ইসলামী আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। মন্ত্রিসভায় গত সোমবার মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিধানসংবলিত ভোটার তালিকা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়।

এলিফ্যান্ট রোড ও সায়েন্স ল্যাবরেটরি মোড়: রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের কাছে কফি হাউসের গলি থেকে সকাল সাড়ে নয়টার দিকে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা ওই এলাকা ও পার্শ্ববর্তী সায়েন্স ল্যাবরেটরির কাছে পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন। ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়।
জামায়াত-শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া চলে। সকাল ১০টার দিকে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ।

নিউমার্কেট থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) রিপন কুমার সাহা প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ জামায়াত-শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি: সাজিদ হোসেন
কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ জামায়াত-শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি: সাজিদ হোসেন


বনানী
: পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বনানীর রসুলবাগে মুক্তিযোদ্ধা গলিতে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। জামায়াত-শিবিরের ১৫-২০ জন কর্মী মিছিল নিয়ে বনানী থেকে মহাখালী যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। এর মধ্যে একজনকে বনানী থানায় এবং চারজনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়েছে।

তেজগাঁও কলেজ এলাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, তেজগাঁও কলেজের সামনে সকাল পৌনে নয়টার দিকে জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী মিছিল বের করেন। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে।