এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে গতকাল মঙ্গলবার সকালে দুজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ওয়ালিউল্লাহ ও জিল্লুর রহমান নামের ওই ব্যবসায়ীদের গুলিবিদ্ধ হওয়া নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিল্লুর রহমানের পকেটে থাকা পিস্তলের গুলিতে ওয়ালিউল্লাহ আহত হন। তবে ওয়ালিউল্লাহর দাবি, জিল্লুর পকেট থেকে পিস্তল বের করার সময় একটি গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন। আহত অবস্থায় তিনি ওয়ালিউল্লাহর পায়ে গুলি করেন। এতে তিনিও আহত হন। আহত দুই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনায় জিল্লুরকে গ্রেপ্তার করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল পৌনে ১০টার দিকে এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালের মোড়ের কাছে ফুটপাতের ওপর এক যুবক এসে অপর যুবককে বলেন, ‘তোকেই খুঁজছি।’ এরপর তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একজন প্যান্টের পকেট থেকে পিস্তল বের করার সময় ট্রিগারে চাপ পড়ে গুলি বের হলে এতে দুজনই আহত হন। নিউমার্কেট থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সাজেদা লতা প্রথম আলোকে জানান, গতকাল বিকেলে ব্যবসায়ী ওয়ালিউল্লাহ বাদী হয়ে জিল্লুর ও তাঁর তিন সহযোগীকে আসামি করে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।এজাহারে বলা হয়েছে, এলিফ্যান্ট রোডে ওয়ালিউল্লাহর ফলস সিলিং ও হার্ডবোর্ডের ব্যবসা আছে। গতকাল সকালে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় বাটা সিগন্যাল মোড়ের কাছে মোটরসাইকেল রেখে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় জিল্লুর এসে বলে, ‘তোকেই খুঁজছি।’ এ কথা বলে জিল্লুর তাঁকে মারধর শুরু করেন। পরে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জিল্লুর পকেট থেকে পিস্তল বের করার সময় গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন। পরে জিল্লুর ওয়ালিউল্লাহর বাঁ পায়ে গুলি করে আহত করেন। জিল্লুরের দু-তিনজন সহযোগী ফাঁকা গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করেন।