এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ জানুয়ারিতে শুরু
রাজধানী ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এটি নির্মাণ করা হবে। নির্মাণকাজের উল্লেখযোগ্য অংশ বর্তমান সরকারের মেয়াদেই শেষ হবে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার মেহের আফরোজের সম্পূরক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এসব কথা বলেন। এর আগে বিকেল চারটা ২০ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিরোধী দল গতকালও সংসদে ফেরেনি।ঢাকার যানজট নিরসনে সরকারের পরিকল্পনা তুলে ধরে যোগাযোগমন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চারটি দেশের যৌথ কোম্পানির দরপত্র বাছাই করা হয়েছে। এগুলো হলো ভারত-ফ্রান্স, চীন-বাংলাদেশ, কোরিয়া-বাংলাদেশ ও থাইল্যান্ড-ইতালির কোম্পানি। রাজধানীতে পাতালরেল যোগাযোগব্যবস্থা নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে জাপান সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। জাপানের জাইকা এই নির্মাণ ব্যয়ের ৮০ শতাংশ অর্থায়ন করার ইঙ্গিত দিয়েছে। তারা সম্ভাব্যতা জরিপকাজ শেষ করে গত সপ্তাহে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। আমরা আশা করি, পাতালরেল যোগাযোগব্যবস্থা নির্মাণের উল্লেখযোগ্য অংশের কাজ বর্তমান সরকারের মেয়াদেই শেষ হবে।’তারানা হালিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ সংশোধন করে বিদ্যমান সাজার মেয়াদ কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে যেসব দুর্ঘটনা ঘটে, যেসব গাড়িচালকের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় শাস্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ বি এম আশরাফ উদ্দিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের মূল কাজ তথা সড়কবাঁধ ও পেভমেন্ট নির্মাণের কাজ ২০১০ সালের অক্টোবরে শুরু হবে। বর্তমানে মাঠপর্যায়ে নির্মাণ-পূর্ব প্রাথমিক কাজ পরিচালিত হচ্ছে।২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে: মমতাজ বেগমের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ২০ বছরের বেশি পুরোনো বাস/মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক রাজধানীতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। ১৫ জুলাই থেকে এ ধরনের যানের বিরুদ্ধে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। বর্তমানে দুজন ম্যাজিস্ট্রেট এ কাজ করছেন। নিষিদ্ধ এসব যানবাহনের বিরুদ্ধে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।সামশুল হক চৌধুরীর প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে দেশে সড়ক ও মহাসড়কগুলোতে তিন হাজার ৩৮১টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় দুই হাজার ৯৫৮ জন প্রাণ হারিয়েছে।সাড়ে তিন লাখ টন পাট রপ্তানি হবে: ইমাজউদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, চলতি অর্থবছরে তিন লাখ ৬০ হাজার টন কাঁচা পাট রপ্তানি করা হবে। ইতিমধ্যে মন্ত্রণালয় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত অর্থবছরের প্রথম ১০ মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে তিন হাজার ২৮১ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। তিনি বলেন, গত অর্থবছরে পাট ও পাটজাত দ্রব্য প্রধানত, চীন, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ইতালি, জার্মানি, যুক্তরাষ্ট্র, আইভরিকোস্ট, ভিয়েতনাম, নেপাল, কোরিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া, মালয়েশিয়া, মিসর, তাঞ্জানিয়া, যুক্তরাজ্য, স্পেন, কিউবা, ইরাক, ইরান, ফিলিপাইন, বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, হল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় রপ্তানি হয়েছে।বেগম নিলুফার চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশব্যাপী দরিদ্র ও প্রান্তিক তাঁতিদের চলতি মূলধন প্রদানের লক্ষ্যে ৫০ কোটি টাকা ব্যয়ে তাঁতিদের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।