সোয়া এক ঘণ্টার পরীক্ষা শেষে যখন প্রশ্ন করার সুযোগ এল, তখন আর গণিতে সীমাবদ্ধ থাকেনি শিক্ষার্থীরা। জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়ে জানতে চেয়েছে তারা। কারও প্রশ্ন ছিল, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে কেন সংঘর্ষ হয় না? কেউবা জানতে চেয়েছে, এলিয়েনের অস্তিত্ব কি আসলেই আছে? কারও প্রশ্ন ছিল একেকজনের বুদ্ধি একেক রকম হয় কেন? অতিথিদের উদ্দেশে একের পর এক ‘প্রশ্নবাণ’ ছুড়েছে শিক্ষার্থীরা। নিরাশ হতে হয়নি তাদের, সব জিজ্ঞাসার উত্তর মিলেছে।
কনকনে শীত উপেক্ষা করে গণিতের প্রতি ভালোবাসার টানে গতকাল শনিবার সকাল সাড়ে সাতটা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে। সাড়ে আটটার মধ্যেই বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণে। ‘গণিত শেখো স্বপ্ন দেখো’ স্লোগানে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে’ দিনভর মেতে ছিল তারা। উৎসবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
উৎসবের উদ্বোধন করেন ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ। অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফসিউল আলম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন সুব্রত নাথ এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন অধ্যাপক মো. ফসিউল আলম। পতাকা উত্তোলনের সময় ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে বন্ধুসভার সদস্যরা।
উদ্বোধনী পর্বে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ কমে গেছে। এটি শুভ লক্ষণ নয়। বিজ্ঞান ছাড়া বিশ্ব অচল। শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অধ্যাপক মো. ফসিউল আলম বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের গণিতে পারদর্শী হতে হবে।
অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বিজ্ঞান ছাড়া দেশ এগোতে পারে না।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা গণিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে ছিল শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নের উত্তর দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. নিজাম উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জহির উদ্দিন, ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন, গণিত বিভাগের প্রভাষক লিটন চন্দ্র দাস, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মুকুল হোসেন খান ও সরকারি জিয়া মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক আহসান উল্যাহ।
সমাপনী আয়োজনে ধন্যবাদ জানান ডাচ্-বাংলা ব্যাংকের ফেনী শাখার উপব্যবস্থাপক সৈয়দ আবদুল মান্নান ও প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের।
পুরস্কার: ফেনী আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী হয়েছে ৪৭ শিক্ষার্থী। তাদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। প্রাথমিক শাখায় জয়ী হয়েছে ১২ জন। সেরা হয়েছে দাগনভূঞার বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধব ভৌমিক। নিম্নমাধ্যমিক শাখায় জয়ী হয়েছে ১৫ জন। তাদের মধ্যে সেরা হয়েছে নোয়াখালী জিলা স্কুলের আবরার জামিল। মাধ্যমিক শাখায় জয়ী হয়েছে ১০ জন। এর মধ্যে সেরা হয়েছে ছাগলনাইয়া একাডেমির আবরার আবদুল্লাহ। উচ্চমাধ্যমিক শাখায় ১০ জন শিক্ষার্থী জয়ী হয়েছে। সেরা হয়েছে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম।
ফেনী আঞ্চলিক গণিত উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো ফেনী বন্ধুসভা ও ফেনী সরকারি কলেজ বন্ধুসভার সদস্যরা।