এশিয়া ও ইউরোপের জোরালো অংশীদারত্বের আহ্বান শেখ হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে এশিয়া ও ইউরোপের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুই মহাদেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমেই কেবল এশিয়া-ইউরোপ টেকসই সংযোগ গড়ে উঠতে পারে।
গতকাল বৃহস্পতিবার ইতালির মিলানে এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেম) দশম শীর্ষ সম্মেলনে ‘এশিয়া পার্টনারশিপ ইন অ্যাড্রেসিং গ্লোবাল ম্যাটার্স ইন এন ইন্টার-কানেকটেড ওয়ার্ল্ড’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। সম্মেলনের পাশাপাশি গতকাল জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল এবং গ্রিসের প্রধানমন্ত্রী অ্যান্টিনিও সি. সামারাসের সঙ্গে বৈঠক করেন তিনি। খবর বাসসের।
এশিয়া-ইউরোপ মিটিং বা আসেম সম্মেলনে যোগ দিতে গত বুধবার মিলানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের ওই সম্মেলন গতকাল শুরু হয়েছে।
সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘এশিয়া ও ইউরোপের জনগণের মধ্যে যোগাযোগ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং সামাজিক আদান-প্রদান ও অভিবাসনের ভিত্তিতে একটি শক্তিশালী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এসব আদান-প্রদান ও যোগাযোগ যত বেশি সম্ভব হবে, তত বেশি অংশীদারত্ব গড়ে উঠবে এবং সবার জন্য সুফল নিশ্চিত হবে। আসুন, আজ আমরা এ ধরনের অংশীদারত্বের অঙ্গীকার করি।’
শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, সন্ত্রাসবাদ, সমুদ্র বিষয়াদি, প্রতিবন্ধিতা, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা, মানবাধিকারসহ বৈশ্বিক ইস্যুসমূহ এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্ব বহন করে। আমরা এসব বৈশ্বিক ইস্যুর ব্যাপারে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে পারলে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারব।
এ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রপ্তানির গন্তব্য হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অনেক এশীয় দেশ ইইউর সঙ্গে বৃহত্তর বাণিজ্যের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী এখনো ১৩০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করে এবং বিপুলসংখ্যক শিশু শিক্ষারÿবাইরে রয়েছে। তাই দারিদ্র্য বিমোচন ও শিক্ষারÿঅধিকারকে ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডার মূল বিষয়বস্তুতে পরিণত করতে হবে। ’
জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক: সম্মেলনের পাশাপাশি গতকাল জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ মীমাংসায় শেখ হাসিনার উদ্যোগকে মডেল হিসেবে উল্লেখ করে তাঁর প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশও শেখ হাসিনাকে অনুসরণ করতে পারে।
প্রধানমন্ত্রী বৈঠকে পোশাকশ্রমিকদের কল্যাণে এবং তাঁদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জার্মান চ্যান্সেলরকে অবহিত করেন। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার গত পাঁচ বছরে শ্রমিকদের বেতন ২২৬ শতাংশ বৃদ্ধি করেছে। জবাবে জার্মান চ্যান্সেলর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপেÿসন্তোষ প্রকাশ করেন।
গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: গ্রিসের প্রধানমন্ত্রী অ্যান্টিনিও সি. সামারাসও গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের বিনিয়োগবান্ধব সুযোগ-সুবিধা গ্রহণ করে এখানকার বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য গ্রিসের প্রতি আহ্বান জানান।
বৈঠক শেষে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক সাংবাদিকদের জানান, দুই নেতা খুবই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। শেখ হাসিনা দুই দেশের পারস্পরিক স্বার্থে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আর বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী।
এ ছাড়া, গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আরও পদেক্ষপ গ্রহণের জন্য সামারাসের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।