এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনকে অনুদান দিল মেটলাইফ ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) অ্যাকসেস একাডেমি প্রোগ্রামে আর্থিক অনুদান দিয়েছে মেটলাইফ ফাউন্ডেশন। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের এম এম আলী সড়কে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেটলাইফের রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল ইসলাম বলেন, ‘এইউডব্লিউর অ্যাকসেস একাডেমি প্রোগ্রামে সহায়তা করতে মেটলাইফ ফাউন্ডেশন অনুদান দিচ্ছে। আজকের এই যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কেননা, এই সহায়তার প্রভাব শুধু বাংলাদেশে নয়, এশিয়া অঞ্চলের অন্যান্য দেশেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা বিশ্বাস করি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন অব দ্য ফ্যাকাল্টি অধ্যাপক জন শোয়েডার, পরিচালক (ভর্তি) রেহেনা আলম খান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ওমর শরীফ, মেটলাইফের উপমহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করিম ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মেটলাইফ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি মুনিরুল ইসলাম।
এইউডব্লিউ ও মেটলাইফ ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সাধারণত বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেস একাডেমি প্রোগ্রামে এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৫টি দেশের ১২০ শিক্ষার্থী অংশ নেন। এই প্রোগ্রামে আগামী তিন বছর অর্থ সহায়তা দেবে মেটলাইফ ফাউন্ডেশন। তবে কী পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তা অনুষ্ঠানে জানানো হয়নি।