এশিয়ান হাইওয়েতে যুক্ত হবে কর্ণফুলী টানেল
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কর্ণফুলী নদীর তলদেশের টানেলটি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। আগামী মাসের শেষের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ডিসেম্বরে টানেলের ভৌত অবকাঠামোর কাজ শুরু হবে।
গতকাল শনিবার বাংলাদেশ নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির সম্মেলনকক্ষে সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির কমান্ডিং অফিসার কমোডর এম শাহজাহান, নেভাল একাডেমির কমান্ড্যান্ট কমোডর গোলাম সাদেক, চট্টগ্রাম বন্দর পর্ষদের সদস্য শাহীন রহমান ও মো. জাফর আলম, চট্টগ্রাম নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, পিডিবিসহ বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। গতকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সমন্বয় বৈঠক হয়।
ওবায়দুল কাদের বলেন, কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পকে ‘চট্টগ্রামের পদ্মা সেতু’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। এই টানেলের সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত। তিনি বলেন, কেউ কেউ বলছেন, এশিয়ান হাইওয়ের মুখ তামাবিল দিয়ে যুক্ত হবে। এটা আসলে অপপ্রচার। এশিয়ান হাইওয়ের মূল সংযোগটি যাবে চট্টগ্রাম দিয়ে। তবে তামাবিল দিয়ে একটি পথ যুক্ত হবে।
মন্ত্রী বলেন, টানেলের নির্মাণকাজ শেষ হবে ২০২০ সালে। কিন্তু ২০১৯ সালের মধ্যেও প্রকল্পটি শেষ হতে পারে। কারণ, চীনের যে প্রতিষ্ঠান কাজটি করবে তারা দক্ষ। প্রকল্পটি বাস্তবায়নে সাড়ে আট হাজার কোটি টাকা খরচ হবে। চীন দেবে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা, বাকি টাকার জোগান দেবে বাংলাদেশ।